সিসিটিভির আওতায় আসছে ভূমি অফিস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সিসিটিভির আওতায় আসছে ভূমি অফিস





দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশের ভূমি অফিসগুলোকে সিসিটিভির আওতায় আনা হবে।

রোববার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাঠ পর্যায়ে সহকারী কমিশনারদের (ভূমি)  অনুকূলে ডাবল কেবিন পিক-আপ হস্তান্তর অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

উপস্থিত সহকারী কমিশনারদের (ভূমি) (এসি ল্যান্ড) উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কেবিন-পিকআপ দেওয়ার মূল উদ্দেশ্য আপনারা যেন আপনাদের আওতাধীন এলাকার ভূমি অফিসগুলো ঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন। প্রয়োজনে আকস্মিক পরিদর্শন করতে পারেন। এছাড়া এর সাথে যেন সরকারি অন্যান্য দায়িত্ব সঠিকভাবে পালন করে মাঠপর্যায়ে একটি গুণগত পরিবর্তন আনতে পারেন।

মন্ত্রী এসি ল্যান্ডদের সরকারি গাড়ির লগবুক কার্যকরিভাবে লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করেন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিসিটিভির স্থাপনের জন্য ডিপিপির প্রক্রিয়া চলছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে ভূমি মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করে যাবে। আমি আশা করি আগামী বছরের কোনো এক সময়ে সিসিটিভি স্থাপনের কাজ শেষ করা যাবে।



অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের স্থায়ী পদে নিয়োগ দানের বিষয়টি নিয়ে কাজ চলছে। এছাড়া জনস্বার্থে এসি ল্যান্ড ও কানুনগোর মাঝে কোনো পদ সৃষ্টি করা যায় কিনা তাও যাচাই করা হবে।

মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত এসি ল্যান্ডদের মধ্যে থেকে ৫ জনকে গাড়ির চাবি হস্তান্তর করে কেবিন-পিকআপ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

উল্লেখ্য, এর আগেও কিছু উপজেলা ভূমি অফিসে গাড়ি প্রদান করা হয়েছিল। এবার মোট ৬০টি উপজেলা ভূমি অফিসের জন্য গাড়ি বরাদ্দ হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ভূমি অফিসে একটি করে কেবিন-পিকআপ প্রদান করা হবে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছাড়াও অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার যুগ্ম সচিব প্রদীপ কুমার দাস, উপসচিব কামরুল ইসলাম চৌধুরী, কেবিন-পিকআপ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক একেএম আনোয়ার মোর্শেদ ও উপ-প্রধান প্রকৌশলী নবারুণ সরকার।

কোন মন্তব্য নেই