দিল্লিতেও নাগরিকপঞ্জী করার ঘোষণা বিজেপির
ভারতের রাজধানী দিল্লির অবস্থাকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন দিল্লি বিজেপির প্রধান ও এমপি মনোজ তিওয়ারি। তিনি বলেছেন, অবৈধ অভিবাসীতে ভরে গিয়েছে দিল্লি। দিল্লিতে যেসব অবৈধ অভিবাসী বসবাস করছেন তারা সবচেয়ে বিপজ্জনক। তাই দিল্লিতেও এনআরসি বাস্তবায়ন করা হবে। গতকাল আসামে এনআরসি বা চূড়ান্ত নাগরিকপঞ্জী প্রকাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে তিনি ওই ঘোষণা দেন। এ বিষয়ে তিনি সাক্ষাৎকার দিয়েছেন বার্তা সংস্থা এএনআই’কে। এ সময় দিল্লি বিজেপির সভাপতি মনোজ তিওয়ারি বলেন, ‘দিল্লির অবস্থাও ভয়াবহ, তাই প্রয়োজন এনআরসির।
অবৈধ অভিবাসীরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে পরিস্থিতি ভয়ানক করে তুলেছে। আমরা এখানে এনআরসি প্রয়োগ করবো। ২০২০ সালে দিল্লি বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষিতে মনোজ তিওয়ারির বক্তব্য বেশ ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
এ বছর ভারতে অনুষ্ঠিত হয় লোকসভার নির্বাচন। এর আগে বিজেপি সভাপতি আশ্বাস দেন ভারত থেকে অনুপ্রবেশকারীদের বের করে দেয়া হবে। তিনি অনুপ্রবেশকারীদের আগাছা, উইপোকা বলেও অভিহিত করেন। তিনি এসব অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেয়ার জন্য এনআরসি করার কথা বলেন। তার কথার সূত্র ধরেই মনোজ তিওয়ারি ওই মন্তব্য করেছেন। সমালোচকরা মনে করছেন, রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য বিজেপি এসব কৌশল অবলম্বন করছে।
ওদিকে দলের অবস্থানের বিরুদ্ধে মুখ খুলেছেন আসামের বিজেপি নেতা হেমন্ত বিশ্বশর্মা। এনআরসি করে অনুপ্রবেশসহ নানা সমস্যা রদ করা যাবে না বলে মনে করেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, আমরা খসড়া তালিকার ঠিক পরেই এনআরসির বর্তমান রূপ নিয়ে আশা হারিয়ে ফেলেছি। যখন এত সংখ্যক প্রকৃত ভারতীয়রাই তালিকার বাইরে থাকেন, তখন আপনি কীভাবে দাবি করতে পারেন যে, এই নাগরিক তালিকা অসমিয়া সমাজের মঙ্গল করবে। উল্লেখ্য, আসামে এনআরসি তালিকায় বহু হিন্দু ভোটারের নামও বাদ পড়েছে। এজন্যই বিজেপি নেতারা উদ্বিগ্ন।

কোন মন্তব্য নেই