ফুটপাতের দোকানে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী খুশি মুখার্জি, ভিডিও ভাইরাল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ফুটপাতের দোকানে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী খুশি মুখার্জি, ভিডিও ভাইরাল
বিনোদন ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, সকাল ১১:৪৪
ভারতের জনপ্রিয় অভিনেত্রী খুশি মুখার্জি সম্প্রতি এক ফুটপাতের দোকানের সামনে ক্ষুব্ধ অবস্থায় দেখা গেছেন। নীল রঙের মার্সিডিজ গাড়ি নিয়ে ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে তিনি দোকানের বাজির বক্স তুলে রাস্তায় ছুড়ে ফেলেন। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, উত্তেজিত কণ্ঠে দোকানদার ও পথচারীদের সঙ্গে তর্ক করছেন খুশি। এক পর্যায়ে তিনি বলেন, “সবাই দীপাবলি উদযাপন করবে, কিন্তু আমার গাড়ি ঠুকে গেল! তোমরা এখানে পটকা বিক্রি করছো!”
দোকানের এক বিক্রেতা তাকে শান্ত করতে গিয়ে বলেন, “ওর বেশি হয়ে যাচ্ছে, এখন মার খাবে।” এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আরেক অংশে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কে জড়ান খুশি মুখার্জি। চিৎকার করে তিনি বলেন, “আমার গাড়ি ঠুকে গেল, অথচ পুলিশ কিছু করছে না! ১০০ নাম্বারে ফোন করলে ধরেন না!”
ভারতের সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, ঘটনাটির সূত্রপাত হয় যখন একটি অটোরিকশা খুশির গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কেউ সেই অটোরিকশাকে আটক না করায় তিনি ক্ষোভে দোকানের জিনিসপত্র রাস্তায় ফেলে দেন।
তবে ঘটনার সঠিক তারিখ জানা যায়নি।
তামিল সিনেমা ‘আঞ্জল থুরি’ (২০১৩) দিয়ে অভিনয় জীবন শুরু করেন খুশি মুখার্জি। এরপর তেলেগু ভাষার ‘দোঙ্গা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’, এবং হিন্দি সিনেমা ‘শ্রীনগর’–এ অভিনয় করেন তিনি।
অভিনয়ের পাশাপাশি এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘স্প্লিটভিলা’ ও ‘লাভ স্কুল’–এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান খুশি। ওয়েব সিরিজ জগতেও তার উপস্থিতি রয়েছে, যার মধ্যে কয়েকটি প্রাপ্তবয়স্ক কনটেন্টভিত্তিক সিরিজও রয়েছে।
কোন মন্তব্য নেই