ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক চ্যাং - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্র্যাক ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক চ্যাং


ব্র্যাক ইউনিভার্সিটিতে গত সোমবার নতুন উপাচার্য পদে যোগ দিয়েছেন অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা এবং প্রশাসনে তিন দশকেরও বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক চ্যাং উচ্চপর্যায়ে শিক্ষা ও গবেষণা, ফরচুন ৫০০, ওয়াল স্ট্রিট, সিলিকন ভ্যালি ও ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সময়ে স্বীকৃতি লাভ করেছেন। ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি চীনের শেনঝেনে অবস্থিত দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকংয়ে প্র্যাকটিসেজ অব ম্যানেজমেন্ট ইকোনমিকস বিভাগে অধ্যাপক এবং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন। এর আগে তিনি ওমানের মাসকটে ইউনিভার্সিটি অব বিজনেস টেকনোলজিতে প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট এবং পরিকল্পনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও যুক্তরাষ্ট্র সরকারের ফেডারেল রিজার্ভ বোর্ডের দায়িত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

অধ্যাপক চ্যাং ক্যালিফোর্নিয়া-ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইক্যাপিটাল ফাইন্যান্সিয়াল, লস অ্যাঞ্জেলেসভিত্তিক জেনারেল ব্যাংক, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জে পি মর্গানের নিউইয়র্ক, লন্ডন ও সিঙ্গাপুর অঞ্চল এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ম্যাকেঞ্জি অ্যান্ড কোং-এর হংকং ও বৃহত্তর চীন অঞ্চলে বিভিন্ন শীর্ষপদে কর্মরত ছিলেন।

যুক্তরাষ্ট্রের বার্কলেতে অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্সে অধ্যাপক চ্যাং তাঁর প্রথম পিএইচডি লাভ করেন। তিনি দ্বিতীয় পিএইচডি করেন অর্থনীতিতে, এমআইটি থেকে। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর করেন। তিনি তাইওয়ানের ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী।

সূত্র: প্রথম আলো

কোন মন্তব্য নেই