বিশ্বকবির জন্মদিন আজ
আজ ২৫ বৈশাখ (৮ মে), বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী। ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে জন্ম নেন বাংলা সাহিত্যের এই বিস্ময়কর প্রতিভা।
রবীন্দ্রনাথ প্রথম নোবেল বিজয়ী বাঙালি কবি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। তার লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ বাংলাদেশের জাতীয় সংগীত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও প্রেরণা যুগিয়েছিল তার অনেক গান। তার কবিতা, গান, উপন্যাস, নাটক আজো সমানভাবে সমাদৃত ও বহুল পঠিত। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
প্রতিবছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি স্মরণ করছে বিশ্বকবিকে। শুধু দুই বাংলার বাঙালিই নয়, বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষ কবির জন্মবার্ষিকী পালন করছে। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ ক্রোড়পত্র ও টিভি চ্যানেলগুলোয় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা।
সূত্র: বাংলা ইনসাইডার

কোন মন্তব্য নেই