বাংলাদেশের দাপুটে জয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশের দাপুটে জয়

নিয়মরক্ষার ম্যাচেও বাংলাদেশের দাপট। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ। শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালের প্রস্তুতি সেরে রাখল টাইগাররা।

ডাবলিনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯২ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে আইরিশরা। ওপেনার পল স্টার্লিং দুর্দান্ত শতরান করেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন অধিনায়ক পটারফিল্ড। রানের ফুলঝুরির মাঝেও আবু জায়েদ নজর কাড়া বোলিং করেন। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৩ ওভারে ৪ উইকেটের ২৯৪ রান তুলে ম্যাচ জয়ের বন্দরে পৌছে যায়। তামিম ইকবাল, লিটন দাস ও সাকিব আল হাসান হাফসেঞ্চুরি করেন। রান পেয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহও।



আয়ারল্যান্ড ৫৯ রানের মধ্যে জেমস (৫) ও বলবিরনির (২০) উইকেট হারালেও স্টার্লিং-পটারফিল্ড জুটি দলকে বড় রানের ভিতে গড়ে দেন। পটারফিল্ড ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৬ বলে ৯৪ রান করে আউট হন। স্টার্লিং ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম শতরান পূর্ণ করেন। শেষমেশ ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪১ বলে ১৩০ রান করে সাজঘরে ফেরেন তিনি। আবু  জায়েদ ৫৮ রানে ৫ উইকেট নেন ৷ ৪৩ রানে ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন৷ ৪১ রানে ১ উইকেট রুবেল হোসেনের৷

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম ৫৭ ও লিটন ৭৬ রানে আউট হন৷ সাকিব ৫০ রান করে চোট নিয়ে উইকেট ছেড়ে যান। মুশফিকুর রহিম সাজঘরে ফেরেন ৩৫ রান করে। ৩৫ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ। র‌্যাংকিন ৪৮ রানে ২টি উইকেট নেন। ম্যাচের সেরা হয়েছেন আবু জায়েদ।

কোন মন্তব্য নেই