ডেঙ্গুতে আজ ৪ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডেঙ্গুতে আজ ৪ জনের মৃত্যু



ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সামিয়া নামের ৫ বছর বয়সী এক শিশু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকাল ১০টার দিকে মারা যান বাপেক্সের প্রকৌশলী মাহবুল্লাহ হক (৩৫)।



অন্যদিকে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মোহাম্মদ রাসেল নামের ৩২ বছর বয়সী এক যুবক, যিনি ঢাকার রমনা পার্কের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিল্লাল নামে ৪০ বছর বয়সি একজন মারা যান।

সোহরাওয়ার্দী হাসপাতালের উপ-পরিচালক মামুন মোর্শেদ বলেন, ‘দুদিন আগে আগারগাঁও তালতলা থেকে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সামিয়া। ও ছিল শক সিনড্রোমের রোগী। আজ ভোর সাড়ে ৬টায় মেয়েটা মারা যায়।’

এদিকে রবিবার রাসেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতিম দেবনাথ জানান।

আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যাওয়া মাহবুল্লাহ হকের বাড়ি রাজবাড়ীর পাংশায়। তিনি ছিলেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্সের ম্যানেজার (খনন)।



ঈদের দিন সোমবার বিকেল ৪টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসা হয় বলে হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম জানান।

তিনি বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত মাহবুল্লাহকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।’

এ বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। সরকার চলতি বছর ডেঙ্গুতে ৪০ জনের মৃত্যুর তথ্য জানালেও বেসরকারিভাবে অন্তত ১২১ জনের তথ্য পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই