টিপ-কাজল দিয়ে শুয়ে আছে বাবা-মা হীন শিশুটি
জন্মের পর মা-বাবা ফেলে যায় শিশুটিকে। এরপর হাসপাতালেই আছে পরম আদর যত্নে। এখন পুরোদমে সুস্থ সে, আর নাভির ঘা শুকালেই ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে। ১৭ সেপ্টেম্বর, মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিষা ব্যানার্জি গণমাধ্যমকে এ কথা বলেন।
অধ্যাপক ডা. মনিষা ব্যানার্জি বলেন, ‘তার নাভি যদি পুরোপুরি শুকায় ও শারীরিক অবস্থা ভালো থাকে তাহলে কয়েকদিন পর তাকে ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে। কিছুদিন আগে আরো দু’টো শিশুকে আমরা ছোটমনি নিবাসে হস্তান্তর করেছি।’
ডা. মনিষা আরো বলেন, ‘জন্মের পর নবজাতকের মা-বাবা তাকে হাসপাতালে ফেলে যান। এরপর থেকে সে আমাদের বিভাগে চিকিৎসাধীন। এটি একটি আকাঙ্ক্ষিত ঘটনা। শিশুটির শরীরের অবস্থা বর্তমানে ভালো। আমরা তাকে বাইরে থেকে কৌটার দুধ কিনে এনে খাওয়াচ্ছি।’
এ সময় দেখা যায়, নবজাতক শিশুটির কপালে কালো টিপ, চোখে কাজল দিয়ে তাকে সাজিয়ে রাখা হয়েছে এবং নতুন জামা ও ডায়পার পরিয়ে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শেফালী বলেন, ‘ওই শিশুটিকে সারাদিন আমরা দেখাশোনা করি। এমনকি খাওয়ানো থেকে শুরু করে তার যাবতীয় সব খেয়াল আমাদেরই রাখতে হয়। ডা. মনিষা ম্যাডামের নির্দেশে আমরা তাকে মায়ের মতো সেবা দেয়ার চেষ্টা করছি। সকালে তাকে কাজল দিয়ে সাজানো হয়েছে।’

কোন মন্তব্য নেই