তরুণদের কর্মসংস্থানে সাহায্য করতে বাংলালিংক ও গুগলের যৌথ উদ্যোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তরুণদের কর্মসংস্থানে সাহায্য করতে বাংলালিংক ও গুগলের যৌথ উদ্যোগ



তরুণদের কর্মসংস্থানে সাহায্য করতে গুগলের চাকরি ও ক্যারিয়ার গঠনভিত্তিক অ্যাপ কর্ম জবসের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে বাংলালিংক। আজ সোমবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস। গুগলের নেক্সট বিলিয়ন ইউজার্স ইনিশিয়েটিভ দলের অপারেশনস লিড বিকি রাসেল সেখানে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ পেতে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে।


এই উদ্যোগের আওতায় ঢাকা ও চট্টগ্রামে বাংলালিংকের গ্রাহক সেবাকেন্দ্রগুলোতে কর্ম জবসের বিশেষ কিয়স্ক রাখা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক। কিয়স্কগুলোতে কর্ম জবসের প্রতিনিধিরা অ্যাপটির মাধ্যমে কীভাবে চাকরি খুঁজতে এবং নানা শিক্ষা উপকরণ ব্যবহার করতে হয়, সে বিষয়ে চাকরিপ্রত্যাশীদের নির্দেশনা দেবেন। এ ছাড়া সিভি, সাক্ষাৎকার ও চাকরিসংক্রান্ত অন্যান্য বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ পরিচালনা করবে কর্ম জবস।


সংবাদ সম্মেলনে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ‘আমরা মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরির তথ্য ও প্রশিক্ষণের সুযোগ দেওয়া গেলে দেশের সার্বিক কর্মসংস্থান পরিস্থিতি আরও এগিয়ে যাবে। সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক তরুণদের দক্ষতা ও পেশাদারত্ব বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কর্ম জবসের সঙ্গে আমাদের এই অংশীদারত্বের মাধ্যমে আরও বেশিসংখ্যক চাকরিপ্রার্থী প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজেদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবে।’


বাংলালিংকের সঙ্গে এই অংশীদারত্বে কর্ম জবসের কার্যক্রমকে দেশের নানা প্রান্তের চাকরিপ্রার্থীদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে বলে জানান গুগলের নেক্সট বিলিয়ন ইউজার্স ইনিশিয়েটিভ দলের অপারেশনস লিড বিকি রাসেল। যোগ করেন, ‘বাংলালিংক গ্রাহক সেবাকেন্দ্রে অবস্থিত কর্ম জবসের কিয়স্কের মাধ্যমে আরও বেশিসংখ্যক চাকরিপ্রার্থী ও চাকরিদাতাকে আমরা সাহায্য করতে পারব।’


ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আরও যুক্ত ছিলেন বাংলালিংকের প্রধান করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস পরিচালক গৌরব কাক্কর এবং হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড সাস্টেইনেবিলিটি আংকিত সুরেকা।

কোন মন্তব্য নেই