বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষাগ্রহণ স্থগিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে চলমান সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ শনিবার বিকেলে ডিন, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং বিভাগীয় প্রধানদের নিয়ে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশব্যাপী সরকার 'সর্বাত্মক লকডাউন' ঘোষণার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় শিক্ষার্থীরা কিভাবে বাড়িতে ফিরবেন সে বিষয়ে কিছু বলা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের চলমান সেমিস্টার পরীক্ষাগুলো পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। তবে অনলাইনে মিডটার্ম ও ভাইভা পরীক্ষাসহ ক্লাস কার্যক্রম চলমান থাকবে।
গত ২৪ জুন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে স্থগিত হওয়া সেমিস্টার পরীক্ষাগ্রহণ শুরু হয়। এর আগে চলতি বছরের শুরুতেও একবার শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা গ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে সরকারি নিষেধাজ্ঞার কারণে ফেব্রুয়ারিতে সকল ধরনের পরীক্ষা কার্যক্রম স্থগিত করা হয়।

কোন মন্তব্য নেই