কোনো কিছু চান না বিলাওয়াল ভুট্টো জারদারি, নওয়াজদের সাথে থাকার অঙ্গীকার
শুক্রবার পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ গ্রুপ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধানের মধ্যে তিন ঘণ্টা বৈঠক হয়। এ বৈঠকের আগে পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) নেতারা তাদের দলীয় প্রধান নওয়াজ শরিফকে বলেছিলেন হয়ত এবার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দাবি করবেন বিলাওয়াল ভুট্টো জারদারি। কিন্তু, এ বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ পদ যেমন পাকিস্তানের সিনেট চেয়ারম্যান, পাঞ্জাবের গভর্নর বা অন্যকোনো পদ দাবি করেননি বিলাওয়াল। এ বৈঠকে ভবিষ্যতে কিভাবে একসাথে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করেছে দু’দল। (সম্ভবত ইমরান খানের বিপুল জনপ্রিয়তায় ভীত হয়ে এখন একসাথে চলতে চাইছে পিএমএলএন ও পিপিপি।)
বিভিন্ন সূত্র জানিয়েছে, বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন যে এবারের বৈঠকের লক্ষ্য ছিল গণতন্ত্রকে শক্তিশালী করা ও পিএমএলএন প্রধান নওয়াজ শরিফকে অভিনন্দন জানানো।
ওই সূত্রগুলো আরো জানিয়েছে, বিলাওয়াল ভুট্টো জারদারির এবারের লন্ডন সফরের মূল কারণ ছিল গণতন্ত্রকে শক্তিশালী করা ও সংবিধানকে সুরক্ষিত রাখা।
পিএমএলএন ও পিপিপির পক্ষ থেকে বলা হয়েছে, নওয়াজ শরিফ ও বিলাওয়াল একমত হয়েছেন যে তারা অতীতের পারস্পরিক ত্রুটিগুলোকে ভুলে যাবেন। তারা পরস্পরের বিরুদ্ধে রাজনীতি করলেও গণতন্ত্রের স্বার্থে একসাথে থাকবেন। কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন রাজনীতিতে হস্তক্ষেপ না করে তা তারা নিশ্চিত করবেন। এছাড়া মুক্ত গণমাধ্যম. মানবাধিকার ও সংবিধানের প্রাধান্য সুরক্ষিত রাখবেন।
সূত্র : দ্যা নিউজ ইন্টারন্যাশনাল

কোন মন্তব্য নেই