বাজারে শীতের আগাম সবজি, দাম কমলেও স্বস্তি নেই ক্রেতাদের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাজারে শীতের আগাম সবজি, দাম কমলেও স্বস্তি নেই ক্রেতাদের


নিজস্ব প্রতিবেদক | Times Express 24

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬

রাজধানীর বাজারগুলোতে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। নতুন আলু, শিম, ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বাড়ায় ক্রেতাদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তবে বাজারে নতুন সবজি উঠলেও দাম এখনো তুলনামূলক বেশি। বেশির ভাগ সবজি প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আর নতুন আলু, শিম ও টমেটোর মতো কিছু সবজি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে আরও বেশি টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট ও রায়েরবাজার সাদেক খান কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কমেছে শিম, আলু ও টমেটোর দাম

বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকায়। গত সপ্তাহে মোহাম্মদপুর টাউন হল বাজারে শিমের দাম ছিল ১৬০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৪০ টাকা।

নতুন আলুর দামও কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি আলু ১৬০ টাকায় বিক্রি হলেও শুক্রবার তা ১৪০ টাকায় পাওয়া গেছে।

এদিকে বাজারে আগাম টমেটো আসতে শুরু করায় এ সবজির দামেও নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। গত সপ্তাহে প্রতি কেজি টমেটো ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার তা কমে ১৪০ থেকে ১৫০ টাকায় নেমেছে।

দাম কিছুটা কমলেও নতুন আলু, শিম ও টমেটো এখনো সীমিত আয়ের মানুষের জন্য বেশ ব্যয়বহুল।

বেশির ভাগ সবজি ৮০ টাকা কেজি

শুক্রবারের বাজারে ঝিঙা, কচুরমুখী, পটোল, বেগুন ও কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে বেগুন ও কাঁকরোলের দাম ছিল ১০০ টাকা। ফলে এ দুই সবজির দাম কেজিতে ২০ টাকা কমেছে।

শীতের আগাম মুলা ও ঢ্যাঁড়সের দামও কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হওয়া এ দুই সবজি শুক্রবার পাওয়া গেছে ৭০ টাকায়।

তবে পেঁপে ও মিষ্টি কুমড়ার দামে কোনো পরিবর্তন দেখা যায়নি। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে, মানভেদে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা।

ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে পিস হিসেবে

বাজারে ফুলকপি ও বাঁধাকপি কেজির পরিবর্তে পিস হিসেবে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপির দাম ৬০ থেকে ৮০ টাকা। বড় আকারের লাউও বিক্রি হচ্ছে একই দামে।

মোহাম্মদপুর টাউন হল বাজার ও কৃষি মার্কেটে প্রতিটি ফুলকপি ৬০ টাকা এবং বাঁধাকপি ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গত সপ্তাহেও এসব সবজি একই দামে বিক্রি হয়েছিল।

সাদেক খান কৃষি মার্কেটের সবজির আড়তদার মেসার্স বাবুল এন্টারপ্রাইজের পরিচালক মো. তানভীর জানান, বাজারে কপি, আলু ও মুলা আসতে শুরু করেছে। তবে সরবরাহ ধীরে ধীরে বাড়ছে।

সরবরাহ বাড়লে আরও কমতে পারে দাম

মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি কিনতে আসা স্থানীয় বাসিন্দা ও একটি বীমা কোম্পানির কর্মকর্তা রাশেদুল আহসান বলেন, শীতের সবজি বাজারে আসায় দেখতে ভালো লাগছে। তবে দাম বেশি হওয়ায় শিম ও আলু অল্প পরিমাণে কিনেছেন। দাম আরও কমলে বেশি করে কেনার সুযোগ হবে বলে জানান তিনি।

অন্যদিকে, টাউন হল বাজারের সবজি বিক্রেতা মফিজুর রহমানের ভাষ্য, শীতের নতুন সবজি কয়েক সপ্তাহ ধরে বাজারে আসতে শুরু করেছে। এসব সবজির একটি অংশ দিনাজপুর থেকে আসছে। সরবরাহ বাড়লে দামও কমতে পারে।

বিক্রেতাদের মতে, শীতকালীন সবজির সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ কারণে পটোল, বেগুন, ঝিঙা, বরবটি, লাউ ও ঢ্যাঁড়সের মতো অন্যান্য সবজির ওপরও ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শীতের সবজির সরবরাহ আরও বাড়লে বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং কয়েকটি সবজির দাম কমে আসতে পারে। তবে আপাতত উচ্চমূল্যের কারণে প্রয়োজন অনুযায়ী সবজি কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে অনেক ক্রেতাকে।

কোন মন্তব্য নেই