ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাগুরার ৩ জনের মৃত্যু, তিন পরিবারে শোকের মাতম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মাগুরার ৩ জনের মৃত্যু, তিন পরিবারে শোকের মাতম

 


নিজস্ব প্রতিবেদক | Times Express 24

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬

ফরিদপুরে যাত্রীবাহী পরিবহন ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মাগুরার তিনজন। দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে তিনটি পরিবার।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার মালি গ্রামের বাসারত মোল্লার ছেলে কলেজছাত্র রাব্বি মোল্লা, বারাসিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে নূর মোহাম্মদ আরিফ এবং শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের আবু জাফরের মেয়ে তামান্না তাবাসসুম ঐশী।

শনিবার রাত ৯টার দিকে নিহত তিনজনের মরদেহ তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি।

ছয় মেয়ের পর একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত পরিবার

নিহত রাব্বি মোল্লা ছিলেন দরিদ্র ভ্যানচালক বাসারত মোল্লার একমাত্র ছেলে। ছয় মেয়ের পর একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবারটি। রাব্বির বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্নায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

রাব্বির বাবা বাসারত মোল্লা জানান, শনিবার সকাল ৭টার দিকে ‘সেভ দ্য চিলড্রেন’ নামের একটি সংস্থার প্রশিক্ষণে অংশ নিতে ফরিদপুরে গিয়েছিল তাঁর ছেলে। প্রশিক্ষণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয় তারা।

নিহত তিনজনই ওই সংস্থার স্বেচ্ছাসেবক ছিলেন বলে জানা গেছে।

যেভাবে ঘটে দুর্ঘটনা

ফরিদপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্স নোয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘কিংফিশার’ নামের একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও তিনজন।

পুলিশ কর্মকর্তা জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত তিনজনের মরদেহ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই