সীমান্ত বন্ধে বিপর্যস্ত পাকিস্তানের বাজার, টমেটোর দাম বেড়েছে ৪০০%
![]() |
| ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত |
সীমান্ত বন্ধে বিপর্যস্ত পাকিস্তানের বাজার, টমেটোর দাম বেড়েছে ৪০০%
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
আফগানিস্তান সীমান্ত বন্ধ থাকায় পাকিস্তানে টমেটোর দাম বেড়েছে প্রায় ৪০০ শতাংশ। দেশটিতে এখন প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৬০০ রুপি দরে।
সম্প্রতি দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষের জেরে তোরখাম ও চামান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এতে টমেটোসহ পচনশীল পণ্যের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।
ঐতিহ্যগতভাবে পাকিস্তান স্থানীয় উৎপাদনে ঘাটতি দেখা দিলে এই দুটি সীমান্তপথে আফগানিস্তান থেকে টমেটো ও সবজি আমদানি করে থাকে। কিন্তু সীমান্ত বন্ধ থাকায় এখন সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে সারাদেশে।
ইসলামাবাদের জি–৯ বাজারের ক্রেতা শান মসিহ্ বলেন, “সব খাবারে টমেটো লাগে। এখন দাম এত বেশি যে আমাদের পক্ষে প্রতিদিন কেনা কষ্টকর হয়ে পড়েছে।”
ফল ও সবজি বিক্রেতা মোহাম্মদ ইমরান জানান, “আজকের দর ৪০০ রুপি কেজি। সীমান্ত বন্ধ থাকায় আফগানিস্তান থেকে সরবরাহ নেই। এখন কিছু পণ্য ইরান, সিন্ধু ও কোয়েটা থেকে আসছে, কিন্তু তা খুবই সীমিত।”
অন্য ক্রেতা নুসরাত জাহান বলেন, “এক কেজি টমেটো ৪০০ রুপিতে কিনেছি। কয়েকদিন আগেও এটা ১০০ রুপির নিচে ছিল।”
পাকিস্তানের মার্কেট কমিটির চেয়ারম্যান সাজিদ আব্বাসি জানিয়েছেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিকল্প সরবরাহ রুট চালুর চেষ্টা করছে। তিনি আশাবাদী, “খুব শিগগিরই দাম স্বাভাবিক হবে।”
বর্তমানে সীমান্ত উত্তেজনা অব্যাহত থাকায় পাকিস্তানের সবজি বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

কোন মন্তব্য নেই