ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ



ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || টাইমস এক্সপ্রেস ২৪

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল (৫২)। শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নবীনগর উপজেলার পৌর এলাকার আদালত পাড়ায় এ ঘটনা ঘটে।

মফিজুর রহমান নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক। তিনি উপজেলার পদ্মপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর বীটঘর বাজারে দলীয় প্রচারপত্র বিতরণের পর সন্ধ্যায় তিনি উপজেলা বিএনপির কার্যালয়ে যান। রাত ৮টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আদালত পাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ে। দুটি গুলি তার পিঠে এবং একটি কোমরের নিচে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, “তার পিঠে দুটি ও কোমরের নিচে একটি গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।

কোন মন্তব্য নেই