টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জড়ো ৪৪ নারী-শিশু উদ্ধার করল কোস্ট গার্ড

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জড়ো ৪৪ নারী-শিশু উদ্ধার করল কোস্ট গার্ড
টাইমস এক্সপ্রেস ২৪
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার গহীন পাহাড় থেকে মানবপাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা অভিযানে তাদের উদ্ধার করা হয়। পরে বিকেলে টেকনাফ স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, “গোপন সূত্রে খবর পাওয়া যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য বাহারছড়ার পিনিস ভাঙা পাহাড়ি এলাকায় নারী, পুরুষ ও শিশুদের আটকে রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪৪ জনকে উদ্ধার করা হয়।”
কোস্ট গার্ড কর্মকর্তার ভাষ্যমতে, একাধিক সংঘবদ্ধ মানবপাচার চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে দালালের মাধ্যমে এসব মানুষকে প্রলোভন দেখিয়ে নিয়ে আসে। তাদের বলা হয়, অল্প খরচে বিদেশে চাকরি ও উন্নত জীবনের সুযোগ দেওয়া হবে। কিন্তু পরে টেকনাফের পাহাড়ে জিম্মি করে রেখে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
রহস্য উদঘাটনে জানা গেছে, পাচারকারীরা জিম্মিদের নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তবে তাদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে, বলে জানিয়েছেন সালাউদ্দিন রশিদ তানভীর।
তিনি আরও বলেন,
“মানবপাচার একটি ভয়াবহ সামাজিক অপরাধ। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে, যাতে কেউ মানবপাচারের শিকার না হয়।”
উদ্ধার হওয়া নারী, পুরুষ ও শিশুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
কোন মন্তব্য নেই