টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন দাস, বাদ পড়লেন সৌম্য ও সাইফ উদ্দিন
টি-টোয়েন্টি দলে ফিরলেন লিটন দাস, বাদ পড়লেন সৌম্য ও সাইফ উদ্দিন
ক্রীড়া ডেস্ক || টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫, সন্ধ্যা ৬:৫০
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন তারকা ব্যাটার লিটন কুমার দাস, তবে বাদ পড়েছেন সাইফ উদ্দিন ও সৌম্য সরকার।
আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।
ইনজুরি থেকে সেরে লিটন দাসের এটি দলে ফেরার সিরিজ। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে পেটের বাঁ দিকের মাংসপেশিতে টান পাওয়ায় তিনি ভারতের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষেও মাঠে নামতে পারেননি। এমনকি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন দর্শক হয়ে। পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে ফিরলেন জাতীয় টি-টোয়েন্টি দলে।
অন্যদিকে, সাম্প্রতিক সিরিজে দলে থাকা অলরাউন্ডার সাইফ উদ্দিন পারফরম্যান্সে নজরকাড়া কিছু করতে না পারায় বাদ পড়েছেন। আর সৌম্য সরকার ভিসা জটিলতায় আগের সিরিজে খেলতে না পারলেও এবার নির্বাচকদের বিবেচনায় আসেননি।
সিরিজের আগে নির্বাচক প্যানেলের সদস্যরা জানিয়েছেন, দলে তরুণদের পারফরম্যান্স মূল্যায়ন করে পরবর্তী সিরিজগুলোতে অভিজ্ঞদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

কোন মন্তব্য নেই