ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম: এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম: এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব সরকার। এখন থেকে যেকোনো দেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, নতুন এই নিয়ম সব দেশ ও সব ধরনের ভিসাধারীর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক সাঈদ মিরান ওমরাহ পালনের উদ্দেশ্যে দুবাই বিমানবন্দরে গেলে চেক-ইন কাউন্টারে তাকে থামিয়ে দেওয়া হয় এবং রিটার্ন টিকিট দেখাতে বলা হয়। টিকিট না থাকায় তাকে বোর্ডিং পাস দেওয়া হয়নি। পরে তিনি অনলাইনে রিটার্ন টিকিট কেটে ফ্লাইটে উঠতে সক্ষম হন।
এ প্রসঙ্গে মিরান জানান, “আমি ভেবেছিলাম, মক্কা ও মদিনায় অবস্থানের সময় নির্ধারণ করে পরে ফিরে আসার টিকিট কাটব। কিন্তু কর্তৃপক্ষ জানায়, রিটার্ন টিকিট ছাড়া বোর্ডিং পাস দেওয়া হবে না।”
আমিরাতের ট্রাভেল অপারেটরদের মতে, সৌদি কর্তৃপক্ষ ও এয়ারলাইন্সগুলো এখন থেকে যাত্রীদের ভ্রমণ সূচি যাচাইয়ে কঠোরতা আরোপ করেছে। ফলে, ওমরাহ ভিসা, পর্যটন ভিসা বা ভিজিট ভিসা—সব ক্ষেত্রেই আগাম রিটার্ন টিকিট বাধ্যতামূলক।
ট্রাভেল অপারেটররা আরও জানান, এই উদ্যোগের ফলে সৌদি আরবে অবৈধ অবস্থান রোধ ও ভিসা নিয়ন্ত্রণে স্বচ্ছতা নিশ্চিত হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন এই নিয়মে ওমরাহযাত্রা আরও শৃঙ্খলাবদ্ধ ও সুরক্ষিত হবে, যদিও অনেক যাত্রীর জন্য এটি প্রাথমিকভাবে কিছুটা জটিলতা তৈরি করতে পারে।
কোন মন্তব্য নেই