সাজেক যাওয়ার সড়ক প্রশস্ত হচ্ছে, স্বস্তিতে পর্যটক ও স্থানীয়রা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাজেক যাওয়ার সড়ক প্রশস্ত হচ্ছে, স্বস্তিতে পর্যটক ও স্থানীয়রা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 সাজেক যাওয়ার সড়ক প্রশস্ত হচ্ছে, স্বস্তিতে পর্যটক ও স্থানীয়রা

অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার রাস্তা এবার প্রশস্ত হচ্ছে। তিন দশকেরও বেশি সময় পর খাগড়াছড়ি–দীঘিনালা সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানিয়েছে, প্রশস্তকরণের দরপত্র ও কার্যাদেশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

সরু ও আঁকাবাঁকা হওয়ায় এতদিন ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো পর্যটককে সাজেকে যেতে হতো। মাত্র ১২ ফুট চওড়া এই ১৮ কিলোমিটার সড়ক পাড়ি দিতে সময় লাগত ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত। দুটি গাড়ি একসঙ্গে চলতে না পারায় প্রায়ই দুর্ঘটনা ঘটত, বাড়ছিল হতাহতের ঘটনাও।

দীর্ঘদিন ধরে সড়ক প্রশস্ত করার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা ও পর্যটন–সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখন সেই দাবিই পূরণ হতে চলেছে।

খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, “খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা বাসস্টেশন পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ৩৪ কোটি ৬৩ লাখ টাকা। রাস্তার দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত হবে।”

তিনি আরও বলেন, “২০২৬ সালের মার্চের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

এদিকে, সড়ক সম্প্রসারণের খবরে স্থানীয় বাসিন্দা, পর্যটক ও পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকেই আশা করছেন, সড়কটি প্রশস্ত হলে সাজেক ভ্রমণ আরও নিরাপদ ও আরামদায়ক হবে।

বর্তমানে কাজের অগ্রগতি দৃশ্যমান—প্রায় এক কিলোমিটার রাস্তার পাশ ইতিমধ্যে প্রশস্ত করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, নতুন সড়কটি চালু হলে সাজেকের পর্যটন আরও বিকশিত হবে এবং স্থানীয় অর্থনীতিতেও প্রাণ ফিরবে।

কোন মন্তব্য নেই