পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সরকার এ অঞ্চলে মানসম্মত শিক্ষা (কোয়ালিটি এডুকেশন) ও জীবিকা উন্নয়ন (লাইভলিহুড ডেভেলপমেন্ট) বাস্তবায়নে অগ্রাধিকার দিচ্ছে।
শুক্রবার রাজধানীর মিরপুরে শাক্যমুনি বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দান–২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, ২০২৫ সালের নভেম্বরের মধ্যে পার্বত্য চট্টগ্রামের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজড করা হবে। ইতোমধ্যে অধিকাংশ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্দেশ দিয়েছেন, এ বছরের নভেম্বরের মধ্যেই ১০০টি স্কুলে ডিজিটাল কার্যক্রম চালু করতে হবে।”
মানসম্মত শিক্ষার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়ে সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামে এখনো টেকসই স্কিম বাস্তবায়নের ঘাটতি রয়েছে। তাই লাইভলিহুডভিত্তিক প্রকল্প গ্রহণ করতে হবে।”
তিনি আরও জানান, উন্নয়ন প্রকল্পের মোট বরাদ্দের ৪০ শতাংশ ব্যয় করা হবে লাইভলিহুড ডেভেলপমেন্টে। পার্বত্য অঞ্চলের জন্য বরাদ্দকৃত ৫৩০ কোটি টাকা ইতোমধ্যে সঠিকভাবে বণ্টন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।
কোন মন্তব্য নেই