রিশাদ হোসেনের ইতিহাস: রশিদ খান ও জাম্পাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের লেগস্পিনার
রিশাদ হোসেনের ইতিহাস: রশিদ খান ও জাম্পাকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের লেগস্পিনার
বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন যেন হয়ে উঠেছেন টাইগার দলের নতুন আস্থার নাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার দুর্দান্ত পারফরম্যান্সে ১৯ মাস পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মিরপুরের মাঠে রিশাদের ঘূর্ণিতে হাসি ফিরেছে টাইগার শিবিরে।
সিরিজের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রিশাদ আবারও জ্বলে ওঠেন। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। প্রথম ম্যাচে ৬ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট—সব মিলিয়ে তিন ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন এই ২২ বছর বয়সী লেগস্পিনার।
এই ১২ উইকেটের কল্যাণে রিশাদ এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বের যেকোনো স্পিনারের মধ্যে সর্বোচ্চ উইকেটধারী। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা’র, যারা নিয়েছিলেন ১১টি করে উইকেট।
এতেই শেষ নয়—রিশাদ এখন ওয়ানডে ইতিহাসে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট নেওয়া বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে রয়েছেন বাংলাদেশেরই মোস্তাফিজুর রহমান, যিনি ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন।
রিশাদের এই অসাধারণ সাফল্য শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি। ফলে সিরিজ শেষে হয়েছেন ‘সিরিজসেরা খেলোয়াড়’। তার ঘূর্ণিতে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা বলছেন—“বাংলাদেশ পেয়ে গেছে নতুন রশিদ খান।”

কোন মন্তব্য নেই