বাংলাদেশে নতুন সরকার গঠনের কাউন্টডাউন: শপথ, মন্ত্রিসভা ও ক্ষমতা হস্তান্তরে চূড়ান্ত প্রহর
অনলাইন ডেস্ক — ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর দেশজুড়ে নতুন সরকার গঠনের অপেক্ষা এখন চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন কমিশন ইতোমধ্যে ২৯৭টি আসনের ফল ঘোষণা করেছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়ী হয়েছে ৬৮টি আসনে। ছয়টি আসন পেয়েছে এনসিপি।
ফল ঘোষণার পর পরই মূল আলোচনায় এসেছে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠনের সময়সূচি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নির্বাচনের গেজেট প্রকাশের পরই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সম্ভাব্য হিসেবে আগামী ১৬ ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হতে পারে।
সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা হতে পারে। শপথের পরপরই শুরু হবে ক্ষমতা হস্তান্তর ও প্রশাসনিক কার্যক্রমের নতুন ধাপ।
নতুন সংসদে সর্বোচ্চ আসনপ্রাপ্ত দল হিসেবে সরকার গঠনের দায়িত্ব আসছে বিএনপির হাতে। দলের সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত তারেক রহমান-এর ক্ষেত্রে।
এদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কী ধরনের ভূমিকা রাখবে—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামায়াত আসবে—এটিও প্রায় নিশ্চিত বলে জানা গেছে।
দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ ও জনমানুষের প্রত্যাশার মধ্যে ব্যস্ত সময় পার করছে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সব পক্ষ। নির্বাচনের পরবর্তী এই অধ্যায়টি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এক নতুন পথচলা হিসেবে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই