নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের, আহত ১১ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুসহ ৩ জনের, আহত ১১


নিজস্ব প্রতিবেদক | Times Express 24

নরসিংদীর তিন উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ১১ জন।

নিহতদের মধ্যে রয়েছেন রায়পুরার উজ্জ্বল শীল (৩৫), শিবপুরের শ্রমিক মো. ছাব্বির মিয়া (১৯) এবং বেলাবের তিন বছর বয়সী শিশু আলিশা আক্তার নোহা।

রায়পুরায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বৃহস্পতিবার দুপুরে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে উজ্জ্বল শীল নিহত হন। এ ঘটনায় চালকসহ আরও ১১ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে নরসিংদীর আরশিনগর সিএনজি স্ট্যান্ড থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা রায়পুরার দিকে যাচ্ছিল। পথে হাসনাবাদ অতিক্রম করে মাহমুদনগর ১০ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর একটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অন্যটি রাস্তার পাশে উল্টে যায়। এতে দুটি যানই দুমড়েমুচড়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জ্বল শীলকে মৃত ঘোষণা করেন। তিনি রায়পুরা উপজেলার মেথীকান্দা গ্রামের নারায়ণ চন্দ্র শীলের ছেলে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির জানান, দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শিবপুরে ট্রলি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এদিকে, বৃহস্পতিবার সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ট্রলির চাকার নিচে পিষ্ট হয়ে তিনি মারা যান।

ছাব্বির উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।

বেলাবে ট্রলির চাপায় প্রাণ গেল তিন বছরের শিশুর

একই দিন সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় ইটবাহী ট্রলির চাপায় আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নোহা পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।

আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ

তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পৃথক তিনটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে তিন বছর বয়সী শিশুর মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর বেদনার সৃষ্টি করেছে।

কোন মন্তব্য নেই