ভোটের আগে শেষ সংবাদ সম্মেলনে যা বললেন ড. কামাল
ভোটারদের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। শনিবার বিকেলে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ভোট নিয়ে মানুষের মনে অনেক সংশয় আছে দাবি করে ড. কামাল হোসেন বলেন, আমি ভোটারদের বলবো আপনারা সকাল সকাল ভোট দিবেন। তাহলে দুর্বৃত্তরা ভোট ছিনতাইয়ের সুযোগ পাবে না। তরুণ সমাজ যারা নতুন ভোটার, তারা সকাল সকাল ভোট কেন্দ্রে যাবা, নিজের ভোট দিবা।
প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ যারা ভোটগ্রহণের সঙ্গে জড়িত তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটগ্রহণ আপনাদের দায়িত্ব, তাই নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করুন। সততার সাথে দায়িত্ব পালন করলে আপনাদের সম্মান বাড়বে। মনে রাখবেন, ভোটারের মুখের হাসিই আপনার দায়িত্বের সার্থকতা। ভোটারদের মুখের হাসিই প্রমাণ করবে আপনার দায়িত্ব পালনের সার্থকতা।
সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ড. কামাল বলেন, আপনারা কারো দলের নয়। আপনারা অতীতের মত গৌরবের সাথে দায়িত্ব পালন করুন। আপনারা জনগণের ভোটাধিকার দেয়ার সুযোগ করে দিন। নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করুন। আপনারা বিশ্ব শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালন করে যে সফলতা পেয়েছেন, প্রসংশিত হয়েছেন তা কোনোভাবে ব্যাহত হতে দিবেন না। সফলতার সাথে দায়িত্ব পালন করবেন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারসহ সকলকে বলবো আপনারা জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। জনগণের অধিকার হরণ করলে অন্য কেউ আপনার বাবা, মা, ভাই, বোন, পরিবারের অধিকার হরণ করবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের সেবক, আপনারা কোনো দলের নয়। তাই আপনারা নিরপেক্ষভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করুন। তাই জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করুন।
প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা আপনাদের পরিবারের সদস্যদের বলেন, যেন সকাল সকাল ভোট দিতে যায় এবং নিজের ভোটাধিকার নিশ্চিত করুন। তাদের ভোটের আনন্দ থেকে বঞ্চিত করবেন না।
সবশেষে ড. কামাল বলেন, আসুন আমরা সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করি, ভোট আমাদের নাগরিক অধিকার। কারণ জনগণ দেশের মালিক।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপি নেতা নজরুল ইসলাম খান, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই