ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ৭ বছর বয়সী লেগস্পিনার আর্চি শিলার
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় ৭ বছর বয়সী লেগস্পিনার আর্চি শিলার। এবার তার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার স্বপ্নপূরণ হলো! গতকাল বক্সিং ডে টেস্ট দলে শিলারকে অন্তর্ভুক্ত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একাদশে না থাকলেও নিয়মিত অধিনায়ক টিম পেইনের সঙ্গে নেতৃত্ব দেবেন এই খুদে ক্রিকেটভক্ত। অস্ট্রেলিয়া ও ভারতের সামনে এগিয়ে যাওয়ার লড়াই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল ভোর সাড়ে ৫টায় তৃতীয় টেস্ট শুরু হবে। চার ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। অসুস্থ শিশুদের নিয়ে কাজ করা ‘মেক আ উইশ’ ফাউন্ডেশনের মাধ্যমে অজি দলে আগমন শিলারের। অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গারের আমন্ত্রণে অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগে দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পায় সে।
জন্মের ৩ মাসের মাথায় শিলারের হৃদপিণ্ডের বাল্বে জটিল সমস্যা ধরা পড়ে। এরপর একাধিকবার অস্ত্রোপচার করানো হয়। শারীরিক অসুস্থতার কারণে বন্ধুদের সঙ্গে স্বাধীনভাবে নিয়মিত খেলার সুযোগ পায় না শিলার। স্কুল মিস দিতে হয় অনেক। যখনই সুযোগ পায় ক্রিকেট খেলতে ভালোবাসে শিলার। গতকাল মেলবোর্নের ইয়ারা পার্কে ফ্যামিলি ডে ইভেন্টে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল শিলার। অজি অধিনায়ক পেইন বলেন, ‘শিলার ও তার পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যখন তার বাবা তাকে জিজ্ঞেস করে সে কী করতে চায়, উত্তরে সে জানায়, অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে চায়।’ অজি কোচ ল্যাঙ্গার বলেন, ‘আমরা শিলারের মুখে হাসি ফোটাতে সাহায্য করতে পারি। কিন্তু এটা সে তুলনায় খুবই নগন্য।’ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের মিশনে দারুণ শুরু পায় ভারত। অ্যাডিলেডে প্রথম টেস্টে ৩১ রানের জয় কুড়ায় বিরাট কোহলির দল। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে লিড নেয়ার কৃতিত্ব দেখায় টিম ইন্ডিয়া। আর পার্থে দ্বিতীয় টেস্টে ১৪৬ রানের দাপুটে জয়ে সিরিজে সমতায় ফেরে স্বাগতিকরা।
তৃতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল
টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), আর্চি শিলার (অধিনায়ক), জস হ্যাজলউড (সহ-অধিনায়ক), মিচেল মার্শ (সহ-অধিনায়ক), প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, পিটার সিডল, মিচেল স্টার্ক।

কোন মন্তব্য নেই