উত্তরার রাস্তায় যান চলাচল বন্ধ
পোশাক শ্রমিকদের বিক্ষোভে রাজধানী ঢাকার উত্তরার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন চলছে না।
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে উত্তরা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এর ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল ৯টার দিকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
বিমানবন্দর পুলিশের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, উত্তরা এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আজ সকাল থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। উত্তরা আজমপুর থেকে জসিমউদ্দিন সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছেন তারা। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।
এদিকে তাদের এই বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো যানবাহন যেতে বা আসতে পারছে না। ফলে দুই দিকে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষদের।

কোন মন্তব্য নেই