ধানমন্ডিতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ধানমন্ডিতে চালু হলো চক্রাকার বাস সার্ভিস



রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালু হয়েছে চক্রাকার বাস সার্ভিস। প্রাথমিক পর্যায়ে দুটি রুটে চারটি ডাবল ডেকার বিআরটিসি বাস চলবে। বুধবার ১২টার দিকে রাজধানীর কলাবাগান মাঠ থেকে আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এসময় উত্তরের মেয়র আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন। এরপর বিমানবন্দর স্টেশনে পুলিশ বক্সের সামনে থেকে চক্রাকার বাসের অন্য সার্ভিসটি উদ্বোধন করবেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

উদ্বোধন হওয়া রুট দুটি হলো, আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি এবং বিমানবন্দর থেকে প্রগতি সরণি হয়ে মতিঝিল।

আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে চক্রাকার বাস সার্ভিস উদ্বোধন শেষে মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গঠিত বর্ধিত কমিটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ধানমন্ডি এলাকায় এ বাস সার্ভিস চালু করা হলো। 

এই সার্ভিস সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এবং যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাঈদ খোকন বলেন, এ বাস সার্ভিসে বিআরটিসির ২০-২৫টি বাস চলবে। বাসগুলো মোট ৩৬টি স্পটে থামবে এবং নির্দিষ্ট সময় অপেক্ষা করবে। এসব কাউন্টারে পাঁচ মিনিট পর পর একটি করে বাস আসবে। এছাড়া এ এলাকায় অন্য কোনও যাত্রীবাহী বাস চলাচল করবে না। বাসের সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা, দূরত্বভেদে ২০ টাকা এবং সর্বোচ্চ ৩০ টাকা ভাড়ায় এ সার্ভিস নিতে পারবেন।

জানা গেছে, আজিমপুর-নিউমার্কেট-ধানমণ্ডি রুটের ৩৬টি স্পটে চক্রাকার সার্ভিসের বাসগুলো যাত্রী পরিবহন করবে। চক্রাকার বাস চলাচল করায় একই স্থানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার প্রয়োজন পড়বে না।

এই রুটের বাসগুলো আজিমপুর-নিউমার্কেট-সায়েন্সল্যাব-ধানমন্ডি ২ নম্বর রোড, সাত মসজিদ রোড (ঝিগাতলা, শংকর), ধানমন্ডি ২৭, সোবহানবাগ, রাসেল স্কয়ার, কলাবাগান, সায়েন্সল্যাব, বাটা ক্রসিং, কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আবারও আজিমপুর। 



বিপরীত দিক থেকে আজিমপুর, নিউমার্কেট, সায়েন্সল্যাব, কলাবাগান, সোবহানবাগ, ২৭ নম্বর রোড পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা, সাত মসজিদ রোড, বিজিবি ২ নম্বর গেইট, ৩ নম্বর রোডে ইউটার্ন নিয়ে ফের সায়েন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন, নীলক্ষেত, পলাশী হয়ে আজিমপুর যাবে।

স্টপেজগুলো হচ্ছে-

কাঁটাবন-নীলক্ষেত সড়কে এলইডি সাইনের সামনে-বিপরীতে মিরপুর রোডে নিউমার্কেট-সায়েন্সল্যাব রুটে নিউমার্কেট বাস-বে এবং সায়েন্সল্যাব-নিউমার্কেট রুটে বলাকা সিনেমা হলের সামনে, মিরপুর রোডে ঢাকা কলেজ-সায়েন্সল্যাব রুটে টিচার্স ট্রেনিং কলেজ এবং সায়েন্সল্যাব-ঢাকা কলেজ রুটে জনতা ব্যাংক, ধানমন্ডি ২নং রোডে পপুলারের পশ্চিমে এবং সিটি কলেজের পশ্চিমে, সাত মসজিদ রোডে (বিজিবি গেটের পাশে) ব্যাংক এশিয়ার সামনে, সীমান্ত ব্যাংক যাত্রী ছাউনি, সাত মসজিদ রোডে ইউল্যাবের সামনে, মেডিনোভার সামনে, শংকর বাস স্ট্যান্ড, কবি নজরুল ইনস্টিটিউট ইন্টারসেকশন (জেনেটিক প্লাজার সামনে ও বিপরীতে), কলাবাগান মাঠের বিপরীতে ও পাশে পলাশী মোড় ও আজিমপুর মোড়।

এছাড়াও, বিমানবন্দর থেকে প্রগতি সরণি হয়ে মতিঝিল রুটে চলাচল করবে চক্রাকার বাসের আরেকটি সার্ভিস।


সূত্র :ঢাকা ট্রিবিউন

কোন মন্তব্য নেই