রাজশাহীতে ড্রেনে পড়া বৃদ্ধকে টেনে তুললেন জজ, দাঁড়িয়ে দেখলেন স্থানীয়রা
রাজশাহী নগরীর মহিষ বাথান গোরস্থান এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ড্রেনে পড়া বৃদ্ধকে একা টেনে তুলেছেন এক জজ (বিচারক)। ওই দৃশ্য দেখতে সেখানে ৮-১০ জন স্থানীয় পথচারী জড়ো হলেও তারা কেউ বৃদ্ধকে টেনে তুলতে সহযোগিতা না করে দাঁড়িয়ে দেখেন। তাদের এমন আচরণ যেন তামাশাকেও হার মানিয়েছে। আর অন্যদের মতো দাঁড়িয়ে না দেখে আদালতের একজন বিচারক হয়েও একাই ড্রেন থেকে বৃদ্ধকে টেনে তুলে মহৎ মনের পরিচয় দিয়েছেন বিচারক সাঈদ শুভ। তিনি রাজশাহী জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ।
মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনাটি পরে তিনি সাঈদ শুভ তার ফেসবুকেও তুলে ধরেন।
সিল্কসিটিনিউজের পাঠকদের কাছে তুলে ধরা হলো তার সেই ঘটনাটি- অনেক দিন মানুষের প্রতি এত বিরক্ত ও ক্ষুব্ধ হইনি। মর্নিং ওয়াক শেষ করে বাসার সামনে এসেছি। হঠাৎ খেয়াল করলাম একটা কিশোরের আঁকাবাঁকা সাইকেল চালানোর কারণে এক বৃদ্ধ চাচা তাঁর গতিমান সাইকেল সহ ড্রেনের মধ্যে পড়ে গেলেন। মাথা গিয়ে আঘাত করলো ড্রেনের ওয়ালে, বুক ও হাঁটুতেও সমানভাবে আঘাত পেয়েছেন। ড্রেনের মধ্যেই লুটিয়ে পড়েছেন। আমি দৌড়ে গিয়ে উনাকে ওঠানোর চেষ্টা করছি। ড্রেনটা বেশ গভীর। ওঠাতে হিমশিম খাচ্ছি। ড্রেনের পাশে বেশ কয়েকজন মানুষ জড়ো হয়েছেন। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় ‘রিয়েলিটি শো’ দেখছেন আর মজা পাচ্ছেন! শরীরের সমস্ত শক্তি দিয়ে একা একাই ওঠালাম বৃদ্ধ চাচাকে। খুবই ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছি ওখানে দাঁড়িয়ে থাকা ৮-১০ জন মানুষের ওপর। অনেক সময় না হয় ভয়াবহ বিপদ দেখেও মানুষের কিছু করার থাকে না একারণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করতে পারে না। কিন্তু এখানে শুধু দু হাত বাড়িয়ে মানুষটাকে ওঠাবে। এটুকুও করতে প্রস্তুত নয় এই মানুষগুলো? আসলে হৃদয়হীন মানুষ এই সমাজে অনেক বেড়ে গিয়েছে। এই বিবেকহীন মানুষগুলোকে ক্ষমা করে দেয়ার জন্য অনেক জাস্টিফিকেশন খুঁজছি। কিন্তু একটা জাস্টিফিকেশনও খুঁজে পাচ্ছি না। তাদের ক্ষমা করে দিতে পারলে ভাল লাগতো।

কোন মন্তব্য নেই