ঢাকায় আমন্ত্রণমূলক আন্তর্জাতিক হকি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকায় আমন্ত্রণমূলক আন্তর্জাতিক হকি



দায়িত্ব নিয়েই মুজিব বর্ষে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট করার কথা জানালেন হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে  হকি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সাক্ষাৎ শেষে এই পরিকল্পনা ছাড়াও এজিএমসহ (বার্ষিক সাধারণ সভা) আরো পাঁচটি পরিকল্পনার কথা জানান সাঈদ। গত সাত মাস ধরে মাঠে নেই হকি। আপাতত হকিকে মাঠে নামানোই প্রধান লক্ষ্য হকি ফেডারেশনের নবনির্বাচিত কর্মকর্তাদের। সামনের পরিকল্পনা নিয়ে সাঈদ বলেন, ‘আমার টার্গেট মাঠে হকি ফেরানো। এজন্য সর্বপ্রথম এজিএম করে কিছু সংশোধনী এনে বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করবো। পাশাপাশি আগামী বছর (২০২০ সাল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ দ্বিতীয় বিভাগ হকি লীগসহ বিভাগীয় পর্যায়ে লীগ করার পরিকল্পনার কথাও জানান তিনি।


সাঈদ বলেন, ‘ঢাকার ক্লাবগুলোকে নিয়ে টুর্নামেন্ট করতে চাই। দ্বিতীয় বিভাগ, বিভাগীয় পর্যায়ে হকি টুর্নামেন্ট এবং নারী হকি নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ আগামী এক সপ্তাহের মধ্যেই জাতীয় দলের সদস্যদের ডাকা হবে বলে জানান তিনি। এছাড়া ব্যাংককে অনুষ্ঠিতব্য ইনডোর এশিয়া কাপ হকিকে সামনে রেখে ঈদের আগেই জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বলে জানান সাঈদ। আগামী নভেম্বরে আইএইচএফ নারী হকিতে অংশ নেবে বাংলাদেশ দল। যেখানে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী হকি দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে দ্রুতই নারী দলের ক্যাম্প শুরুর কথা বলেন তিনি। এই ক্যাম্পে সকল খরচ নিজে বহন করার ঘোষণা দিয়েছেন ফেডারেশনের নবনির্বাচত এই সাধারণ সম্পাদক। বাংলাদেশ নারী দলকে একটি শক্ত ভিতের উপর দাঁড় করানোর কথা জানিয়ে তিনি বলেন, যে দেশের অর্ধেকের বেশী নারী সেখানে কোনো যায়গায়তেই নারী জনগোষ্ঠী পিছিয়ে থাকতে পারে না। এই ভাবনা থেকেই নারী দলের সকল খরচ আমি বহন করবো বলে সভাপতিকে অবহিত করেছি। 


কোন মন্তব্য নেই