ঢাকা-দিল্লি বিমানের ফ্লাইট শুরু
প্রাথমিকভাবে সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ঢাকা-দিল্লি রুটে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। আজ সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ফ্লাইটের উদ্বোধন করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৩টায় বিজি-০৯৭ উদ্বোধনী ফ্লাইটটি ১৫২ জন যাত্রী নিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গেছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকাল ৫টা ২০ মিনিটে পৌঁছানোর কথা।
আবার দিল্লির স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা করবে। ঢাকায় অবতরণ করবে রাত ৯টা ২০ মিনিটে।
প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন যথাক্রমে সোমবার, বৃহস্পতিবার ও শনিবার ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
ঢাকা-দিল্লি-ঢাকা রুটে রিটার্ন টিকিট এক মাস মেয়াদী ইকোনমি ক্লাসের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩০০ মার্কিন ডলার এবং এক বছর মেয়াদী টিকিটের ক্ষেত্রে ট্যাক্স ব্যতীত সর্বনিম্ন ৩২০ মার্কিন ডলার ভাড়া নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘ প্রতিক্ষিত এই ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমান ব্যবস্থাপনা এই রুটের টিকিটের ওপর ১৫ শতাংশ উদ্বোধনী ছাড় ঘোষণা করছে। আগামী ৩০ মে'র মধ্যে যারা টিকিট ক্রয় করবেন তারা এই ছাড়ের সুযোগ গ্রহণ করতে পারবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-দিল্লি সরাসরি ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘কয়েক বছর বন্ধ থাকার পর পুনরায় দিল্লির পথে ফ্লাইট শুরু হওয়ায় আমি আনন্দিত। ভারত আমাদের বন্ধু প্রতিবেশী। দুদেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন হওয়ার ফলে ব্যবসায়ীক, দাপ্তরিক, পর্যটন, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নানা কারণে দু‘দেশের মধ্যে ভ্রমণ ও যাতায়াত এখন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।’

কোন মন্তব্য নেই