বাজেটে গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য আরো সুবিধা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাজেটে গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য আরো সুবিধা



বাজেটে গার্মেন্টস ব্যবসায়ীদের জন্য আরো সুবিধা আসছে। তৈরি পোষাক শিল্পে এখন চারটি খাতে ৪ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। নতুন বাজেটে এ শিল্পের বাকি খাতগুলোর জন্য প্রণোদনা প্রদানের প্রস্তাব করা হয়েছে।



আজ ১৩ জুন, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর পক্ষে বাজেট প্রস্তাব উত্থাপন পর্বে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়। বাংলাদেশ নিয়ে একটি প্রামাণ্যচিত্রের মধ্য দিয়ে বাজেট উত্থাপন শুরু হয়।

প্রস্তাবিত বাজেটের ১৫৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আমাদের তৈরি পোষাক শিল্পের রপ্তানিতে পৃথিবীতে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করছি। বর্তমান বৈশ্বিক বাণিজ্যের প্রেক্ষাপটে এ খাতটিও একটি বিকাশমান ও সম্ভাবনাময় খাত। এ বিবেচনায় আমাদের সরকার এই খাতটির জন্য বিদ্যামান নগদ প্রণোদনাসহ সকল প্রকার সুযোগ সুবিধা অব্যাহত রেখেছে। বর্তমানে তৈরি পোশাক রপ্তানির চারটি খাতে সর্বোচ্চ ৪ শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থবছরে অবশিষ্ট সকল খাতে তৈরি পোষাক রপ্তানিতে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা প্রদানের প্রস্তাব করছি। এ বাবদ বাজেটে অতিরিক্ত ২,৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।’



এর আগে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে আসন্ন ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ: সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শীর্ষক প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের এটাই প্রথম বাজেট।


কোন মন্তব্য নেই