চীনা প্রেসিডেন্টের জন্মদিন, আইসক্রিম খাওয়ালেন পুতিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চীনা প্রেসিডেন্টের জন্মদিন, আইসক্রিম খাওয়ালেন পুতিন



চীনা প্রেসিডেন্ট শি চিন পিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে।  শনিবার(১৫ জুন) চীনা প্রেসিডেন্ট তার ৬৬তম জন্মদিন পালন করলেন। আর এই উপলক্ষে ঘনিষ্ঠ বন্ধুকে আইসক্রিম উপহার দিলেন পুতিন।  চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়, শি এবং পুতিন শ্যাম্পেন দিয়ে জন্মদিন পালন করছেন।  সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন নামে আঞ্চলিক একটি জোটের সম্মেলন উপলক্ষে বর্তমানে চীনা প্রেসিডেন্ট তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অবস্থান করছেন।  সেখানেই একটি হোটেলে তার জন্মদিন উদযাপন করা হয়।   
এসময় পুতিন চীনা প্রেসিডেন্টকে উপহার হিসেবে আইসক্রিম দেন।  অবশ্য তিনি কোন ফ্লেভারের আইসক্রিম উপহার দিয়েছেন এই বিষয়ে কোন কিছুই উল্লেখ করা হয়নি। 


শি চিন পিং রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, চীনে পুতিন ভীষণ জনপ্রিয়।  এছাড়া তিনি তার এই প্রিয় বন্ধুকে চীনা চা উপহার দিয়েছেন বলেও খবরে জানানো হয়।
এদিকে চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, শি চিন পিং এবং পুতিন লাল ও নীল ফুল দিয়ে সাজানো সাদা রঙের একটি কেকের সামনে দাঁড়িয়ে আছেন।  চীনা প্রেসিডেন্টের ৬৬তম জন্মদিন উপলক্ষে বানানো ওই কেকে ৬৬ সংখ্যাটি লাল রঙ দিয়ে সুন্দর করে লিখে দেয়া হয়েছে।  তবে নিজের জন্মদিনের কেক শি খেয়েছেন কি না এই ব্যাপারে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, চীনে জ্যেষ্ঠ নেতাদের ব্যক্তি জীবন নিয়ে আলাপ করা বিরল ঘটনাই বলা যেতে পারে।  এছাড়া চীনা নেতাদের সত্যিকার জন্ম তারিখও জনসম্মুখে প্রকাশ করা হয় না।  কারণ এসব তথ্যকে রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য হিসেবে বিবেচনা করা হয়।


কোন মন্তব্য নেই