টুইটারে জন বোল্টনকে অপসারণের খবর দিলেন ট্রাম্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারে জন বোল্টনকে অপসারণের খবর দিলেন ট্রাম্প





মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে তার পদ থেকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন ট্রাম্প। 

টুইটে তিনি লেখেন, ‘গত রাতে আমি জন বোল্টনকে বলেছি, হোয়াইটে হাউজে তার সেবা আর দরকার নেই। তার বিভিন্ন পরামর্শের সঙ্গে আমি মোটেও একমত ছিলাম না। জনকে পদত্যাগ করতে বলেছি।

 মঙ্গলবার সকালে জন পদত্যাগ করেছেন বলে জানিয়ে ট্রাম্প বলেন, 'আগামী সপ্তাহে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম ঘোষণা করা হবে।'

ইয়াহু নিউজ তাদের সূত্রের নাম উল্লেখ না করে জানায়, উত্তর কোরিয়া ও আফগানিস্তান বিষয়ে জন বোল্টন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন। বিষয়টি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তা ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ নেয়। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও জন বোল্টনের ওপর খুশি ছিলেন না।

জনকে অপসারণে ট্রাম্পকে পম্পেও উৎসাহ দিয়েছেন বলে ওই সূত্রের বরাতে জানিয়েছে ইয়াহু নিউজ।



গত বছর ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ট্রাম্পের অবস্থান সমর্থন করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে এসেছিলেন জন বোল্টন। এদিকে মতবিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে, বোল্টন নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পর্ষদের সদস্যদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সম্পর্ক অনেকটা শত্রুতায় রূপ নেয় বলে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন। 


২০১৮ সালের এপ্রিল থেকে দায়িত্ব পালন করে আসা জন বোল্টন ছিলেন ট্রাম্পের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে মাইকেল ফ্লিন ও ম্যাকমাস্টারকে এই পদ থেকে বিদায় নিতে হয়েছে।

কোন মন্তব্য নেই