রাস্তাঘাট নির্মাণে মান বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী
গুণগত মান বজায় রেখে সড়কের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শহরের রাস্তা প্রশস্ত করার সময় খেয়াল রাখতে হবে, বেশি বাড়িঘর বা দোকানপাট যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রয়োজনে সড়কের শ্রেণিবিন্যাস (অ্যালাইনমেন্ট) পরিবর্তন করা যেতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেন তিনি। একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।
সড়ক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট নির্মাণে মান বজায় রাখতে হবে, যেন সবাই আরামে চলাফেরা করতে পারেন। কোনো প্রকল্পে ত্রুটি বা সংশোধনের বিষয় থাকলে দ্রুত প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা বা ঊর্ধ্বতন কর্মকর্তার নজরে আনবেন।
৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে ‘আশ্রয়ন-২ শীর্ষক’ প্রকল্প সংশোধিত আকারে অনুমোদন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের সময় খেয়াল রাখতে হবে যেন সেখানে পুকুর বা জলাধার থাকে। প্রকল্প এলাকায় সুপেয় পানি, গাছপালা ও খেলার মাঠ থাকতে হবে।
কক্সবাজার বিমানবন্দর প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এই বিমানবন্দরটি আন্তর্জাতিক রুটের কৌশলগত স্থানে রয়েছে। এখানে প্লেনের রিফুয়েলিংয়ের ব্যবস্থা করা যেতে পারে। এটিকে আন্তর্জাতিক মানসম্মত বিমানবন্দর করা যেতে পারে।

কোন মন্তব্য নেই