খালেদা জিয়া জটিল রোগে ভুগছেন, দ্রুত চিকিৎসা না হলে পঙ্গু হয়ে যাবেন
খালেদা জিয়া জটিল রোগে ভুগছেন, দ্রুত সঠিক চিকিৎসা না হলে যে কোন সময় পঙ্গু হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার উদ্যেশ্যেই খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।এর প্রতিবাদ ও সুচিকিৎসার জন্যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর ও ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসুচি পালন করবে বিএনপি। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে এসব কথা জানান মির্জা ফখরুল।
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে জরুরী সংবাদ সম্মেলনের শুরুতেই তার স্বাস্থ্যের নানা দিক তুলে ধরে, বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসক ডা. এ জে এম জাহিদ হোসেন দাবি করেন, রাজনৈতিক কারনে বিএসএমএমইউ’র চিকিৎসকরা বাধ্য হয়েই বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য নিয়ে অসত্য তথ্য দিচ্ছেন।
এ সময় ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্ষেত্রে আইনের চেয়ে রাজনীতিকেই প্রাধান্য দিচ্ছে সরকার।
খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল।
সুচিকিৎসার জন্যে দলীয় চেয়ারপার্সনের মুক্তির দাবিতে কর্মসুচিও ঘোষনা করেন তিনি।
মির্জা ফখরুল দাবি করেন, বিভিন্ন মামলায় সাজাপ্রপ্ত আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীরা জামিন পেলেও সরকারের অমানবিকতার কারনেই কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

কোন মন্তব্য নেই