পলিটেকনিক্যাল শিক্ষার্থীরাও রাবিতে ভর্তির সুযোগ পাচ্ছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে পলিটেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা। এর আগে কারিগরি কলেজ থেকে পাশ করা শিক্ষার্থীরা এ সুযোগ পেলেও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (পলিটেকনিক্যাল) হতে ডিপ্লোমাধারীরা তা পেত না।
শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে আজ রবিবার সকালে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয় ভর্তি উপকমিটি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পাঠান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডিপ্লোমাধারী শিক্ষার্থীরা সকল বিভাগের শর্ত সাপেক্ষে তাদের যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত। তবে শিক্ষার্থীদের প্রাপ্ত ফল জিপিএ-৫ স্কেলে নির্ধারিত হবে। অন্যদিকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তনীয় রয়েছে।
ভর্তি উপকমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, যেসকল শিক্ষার্থী এসএসসি পাশ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ (পলিটেকনিক্যাল কলেজ) হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করে, তারা ইঞ্জিনিয়ারিং অনুষদে পরীক্ষা দিতে পারবে।
আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা বিজ্ঞান, বাণিজ্য, মানবিক এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে 'এ' ইউনিটে অধীনে মানবিক, সামাজিক বিজ্ঞান অনুষদ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, চারুকলা অনুষদ, আইন এর পরীক্ষা হবে। ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এবং সি ইউনিটের অধীনে বিজ্ঞান, জীব ও ভূবিজ্ঞান, কৃষি অনুষদ ও প্রকৌশল অনুষদভুক্ত বিভাগগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিট সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। একাধিক ইউনিটে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
১২ সেপ্টেম্বর প্রাথমিক আবেদন শেষে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী চ‚ড়ান্ত আবেদনের সুযোগ পাবে। চ‚ড়ান্ত আবেদনের সময় ভর্তিচ্ছুকে প্রতি ইউনিটে চার্জসহ ১৩২০ টাকা দিতে হবে।
এ বছর পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং লিখিত ৪০ নম্বর থাকছে। লিখিত প্রশ্ন থাকবে ২০টি প্রশ্ন; যার প্রতিটির মান ২ করে মোট ৪০ নম্বর। এমসিকিউ ৬০টি প্রশ্নের জন্য সময় বরাদ্দ থাকবে ৫০ মিনিট আর লিখিত প্রশ্নের জন্য সময় ৪০ মিনিট। প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা ৪৫ এবং দুপুর ১২টা থেকে ১টা ৪৫ পর্যন্ত এই দুই শিফটে পরীক্ষা চলবে।
ভর্তিপরীক্ষার জন্য আবেদনকারীদের মানবিক বিভাগ থেকে সর্বনিম্ন ৩ পয়েন্ট করে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ৭.০০, বাণিজ্য বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৭.৫০ এবং বিজ্ঞান বিভাগ থেকে (চতুর্থ বিষয়সহ) ৩.৫০ করে ৮.০০ পেতে হবে।
এছাড়া আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট পাওয়া যাবে।

কোন মন্তব্য নেই