ইতালি থেকে সব ফ্লাইট বন্ধ ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইতালি থেকে সব ফ্লাইট বন্ধ ঘোষণা








করোনাভাইরাসে বিধ্বস্ত ইতালি প্রবাসীদের দেশ ভ্রমণের সব পথ বন্ধ হয়ে গেল। ইতালি থেকে বাংলাদেশে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। চালু থাকা একমাত্র কাতার এয়ারওয়েজের ফ্লাইটটিও যেকোন সময় বন্ধ ঘোষণা করা হবে বলে জানা গেছে। এতে করে হাজার হাজার যাত্রী চরমভাবে ভোগান্তির মধ্যে পড়েছে। অন্যদিকে ট্রাভেল এজেন্সিগুলো বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়বে। আর এর মধ্যদিয়ে ইতালির প্রায় দু’লাখ প্রবাসী কার্যত ৩ এপ্রিল পর্যন্ত অবরুদ্ধ হয়ে পড়লো।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতালি থেকে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করে এমিরেটস, কাতার ও তুর্কি এয়ালাইন্সস। এর মধ্যে সবশেষ চালু থাকা এমিরেটস এয়ারওয়েজের শেষ ফ্লাইট রোম ত্যাগ করবে আজ শনিবার। এ ফ্লাইটে রোববার থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব যাত্রীদের টিকেট বাতিল করা হয়েছে। কাতার এয়ারওয়েজ রবিবারও এখন পর্যন্ত যাত্রী পরিবহন করবে, তবে দু’একদিনের মধ্যে যেকোন সময় সেটিও বন্ধ ঘোষণা করা হবে। এর আগে ইতোমধ্যে তুর্কি, কুয়েতসহ অন্যান্য সব এয়ারলাইন্স ইতালি থেকে ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে তুর্কি এবং কুয়েতএয়ার লাইন্স আগামী ৩১ মার্চ পর্যন্ত ইতালি থেকে সব ফ্লাইট বন্ধ থাকবে। এসব ফ্লাইট বন্ধের কারণে হাজার হাজার যাত্রী ভোগান্তির মধ্যে পড়েছে। তাদের পরবর্তী ফ্লাইট কখন পাবে, ৩ এপ্রিল ফ্লাইট চালু হবে কি না সে বিষয়ে কোন সঠিক সিদ্ধান্তও কেউ দিতে পারছে না। কারন ইতালির সরকারি ঘোষণার আওতায় পুরো দেশের ট্রাভেল এজেন্সিগুলো ২৫ মার্চ বন্ধ থাকবে। ফলে এজেন্সিগুলোও কাজ করতে পাছে না, যাত্রীরাও এজেন্সিতে আসতে না পারায় দুশ্চিন্তায় পড়েছে। এর আগে অনেক ফ্লাইট বন্ধ ঘোষণা করলেও রিসিডিউল করে অন্য বিমানে টিকেট করে দেয়া হয়েছে। কিন্তু এখন সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় সে উপায়ও নেই।







অপরদিকে, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছে ট্রাভেল এজেন্টগুলো। হাজার হাজার টিকেট বাতিল হওয়ায় এসব যাত্রীদের টাকা ফেরত দিতে হবে। আর এসব টাকা বিমান কোম্পানিগুলো থেকে পেতে দু’পস্তাহেরও বেশি সময় লাগবে। তবে সবকিছু নির্ভর করছে ইতালিতে করোনাভাইরাসের হানায় বিধ্বস্ত পরিস্থিতির উন্নতির উপর। কেননা সাময়িকভাবে সরকার সবকিছু আগাগমী ২৫ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। পরিস্থিতিরি কেবল উন্নতি হলেই নতুন করে খুলে দেয়ার ঘোষণা দেয়া হবে। 

ইতালির সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি পপুলার ট্রাভেলস এর ম্যনেজিং ডিরেক্টর মো. শাহাদাত হোসাইন সাজু কালের কণ্ঠকে জানান, যাত্রীদের সাময়িক ভোগান্তি হচ্ছে তবে আশা করি ভাইরাস পরিস্থিতির উন্নতি হলেই ঠিক হয়ে যাবে। টিকেট বাতিল হওয়া যাত্রীদের চিন্তার কিছু নেই। অফিস খুলে দেয়ার পরপরই যাত্রীদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

তিনি আরও বলেন, এমিরেটস এর ফ্লাইট শনিবারই শেষ, আগামী ৩ এপ্রিল পর্যন্ত রোম থেকে আর কোন ফ্লাইট নেই। কাতার এয়ারওয়েজও দু’একদিনের মধ্যে বন্ধ ঘোষনা করা হবে যেহেতু অন্যসব বিমান ইতোমধ্যে ইতালি থেকে সকল ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই