করোনাতঙ্কে রাবি ও রুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘোষণা
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
রবিবার (১৫ই মার্চ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ ক্লাস বর্জনের ঘোষণা দেয়। এদিন বিকেলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
রাবি শিক্ষার্থীরা বলেন, কোনো শিক্ষক বা শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হলে দ্রুতই তা ছড়িয়ে পড়বে। তখন বিশ্ববিদ্যালয় বন্ধ করেও কোনো লাভ হবেনা। এখানে অনেক শিক্ষক আছেন সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করে এসেছেন। তাছাড়া এখানে দেশের সব জেলার শিক্ষার্থী রয়েছেন এজন্য সকলেই করোনা আক্রান্তের আশঙ্কায় আছেন।
তবে, ক্লাস বর্জনের বিষয়টি শিক্ষার্থীদের নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং পরিসংখ্যান বিভাগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও ভারপ্রাপ্ত ছাত্রউপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষার্থীরা নিজেদের থেকে বর্জন করেছেন। ওপর মহল থেকে নির্দেশনা আসলে ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হবে।’
এদিকে, সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে রুয়েটের শিক্ষার্থীরা। করোনাতঙ্ক না কাটা পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল বলেন, ‘শিক্ষার্থীদের একটি অংশ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। আমরা এখনো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেইনি।' তবে, রুটিন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে বলেও জানান অধ্যাপক ড. রবিউল আওয়াল।

কোন মন্তব্য নেই