এক রোগীর জন্য আইসোলেশনে যেতে হচ্ছে কয়েক হাজার ইসরাইলিকে
করোনাভাইরাসের চিকিৎসা নেয়া একজন ফুটবল খেলা দেখতে স্টেডিয়ামে প্রবেশ করায় কয়েক হাজার ইসরাইলিকে আইসোলেশনে যেতে হচ্ছে।
বুধবার জানা যায় যে, তেলআবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে করোনাভাইরাসের চিকিৎসা নেয়া একজন খেলা দেখেছিলেন।
দেশটির ১৩তম করোনা রোগী ব্রেনার রেজিওনাল কাউন্সিলের এক হাইস্কুল ছাত্র গত ২৪ ফেব্রুয়ারি স্টেডিয়ামটিতে খেলা দেখতে গিয়েছিল। তাই ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় ওই স্টেডিয়ামের সাত বা আট নং গেট দিয়ে প্রবেশ করে ৪২৫ নং সেকশনের ৪৩ থেকে ৪৯ নং সারিতে ১৬৯ থেকে ১৭৯ নং সিটে বসে খেলা দেখা লোকদের বাড়িতে কোয়ারেন্টাইনে যাওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার রাতে ১৫তম রোগীর সন্ধান পাওয়ার পর বিষয়টি আলোচনায় আসে।
১৫তম ওই রোগীটি গত ২৯ ফেব্রুয়ারি ইতালি থেকে ইসরাইলে ফিরেন। এর পর থেকে তিনি বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। তবে সোমবার সকালে ভোট দেয়ার জন্য এক ঘণ্টা ঘরের বাইরে ছিলেন।
১৩ ও ১৪ নং রোগী ওর ইয়েহুদার একটি খেলনার দোকান থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
মঙ্গলবার কিরিয়াত ওনো অঞ্চলের একটি স্কুলের ডেপুটি প্রিন্সিপাল করোনাভাইরাসের চিকিৎসা নেয়ার পর তার স্কুলের ১ হাজার ১৫০ জন ছাত্রকেও হোম-কোয়ারেন্টাইনে যাওয়ার জন্য বলা হয়েছে। এমনকি স্কুলটির অন্যান্য শিক্ষকরা, স্টাফরা এমনকি যে বাসে তারা চড়েছিলেন সেই বাসের চালকদেরও হোম-কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নতুন চিকিৎসা নেয়া রোগীদের সামান্য লক্ষণ দেখা গেছে।
সূত্র : জেরুসালেম পোস্ট

কোন মন্তব্য নেই