বিবিএস কেবলসের তিন উদ্যোক্তা শেয়ার হাতবদল করবেন
বিবিএস কেবলস লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মো. আশরাফ আলী খান তার হাতে থাকা কোম্পানিটির ৩২ লাখ শেয়ারের পুরোটা বিক্রির ঘোষণা দিয়েছেন। অন্যদিকে এ পরিমাণ শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানিটির দুই উদ্যোক্তা পরিচালক মোহাম্মদ রুহুল মজিদ ও হাসান মোর্শেদ চৌধুরী। তারা প্রত্যেকে ১৬ লাখ করে শেয়ার কিনবেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে।
৩০০ কোটি টাকা অনুমোদিত ও ১৯২ কোটি ২ লাখ ৭০ হাজার টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির মোট শেয়ারের ৩২ দশমিক ৭৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮ দশমিক ৪৭, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৮ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে।
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিবিএস কেবলস। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩২ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৬ টাকা ৭৭ পয়সা।
এদিকে সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) বিবিএস কেবলসের ইপিএস হয়েছে ৩ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৩ পয়সা। তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ইপিএস হয়েছে ১ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩১ টাকা ৬৯ পয়সা।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল বিবিএস কেবলস। তার আগের হিসাব বছরে ১০ শতাংশ নগদের পাশাপাশি ১৫ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

কোন মন্তব্য নেই