মডার্নার টিকা বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র

মডার্নার তৈরি ২৫ লাখ করোনার টিকা বাংলাদেশে পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এ প্রক্রিয়া শুরু করা হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সও একই তথ্য জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেন, মডার্নার ২৫ লাখ করোনার টিকা বাংলাদেশে পাঠানো হচ্ছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, জরুরি প্রয়োজনের প্রেক্ষাপটে চলতি সপ্তাহেই মডার্নার টিকার এই চালান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দেশে মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল রাতে এ অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি কমিটি কর্তৃক প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনার আটটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। অষ্টমটি হলো মডার্নার টিকা।
মডার্নার ২৫ লাখ ডোজ টিকা জুলাইয়ের শুরুর দিকে দেশে আসবে বলে গতকাল একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
কোন মন্তব্য নেই