মসজিদ-মন্দিরে প্রবেশে মানতে হবে যেসব নির্দেশনা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মসজিদ-মন্দিরে প্রবেশে মানতে হবে যেসব নির্দেশনা

 

দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে কঠোর লকডাউনের নির্দেশনা দিয়েছে সরকার। লকডাউন চলাকালে মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রবেশে কিছু নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এসব নির্দেশনার ব্যত্যয় হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।


বুধবার (৩০ জুন) বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার জারি করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে দেশের বর্তমান প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদসমূহে জামায়াতের নামাজের জন্য আবশ্যিকভাবে নির্দেশিত শর্তগুলো পালনের অনুরোধ করা হয়।


শর্তগুলো হলো:


১। মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লীদের অবশ্যই মাস্ক পরে মসজিদে প্রবেশে করতে হবে।


২। প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।


৩। মসজিদে কার্পেট বিছানো যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দিয়ে পরিস্কার করতে হবে, মুসল্লীগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে হবে।


৪। কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে।


৫। শিশু, বয়বৃদ্ধ, যে কোন অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামায়াতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে।


৬। সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদের ওযুখানায় সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।


৭। সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।


এছাড়া নির্দেশনায় করোনা ভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে খতিব, ইমাম ও মুসল্লীদের দোয়া করার অনুরোধ করা হয়। খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটিকে নির্দেশনার বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।


মসজিদের মতো অন্যান্য সব ধর্মীয় প্রতিষ্ঠান বা উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক ও শারীরিক দূরত্ব যথাযথভাবে অনুসরণ করতেও বলা হয়।


সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। নির্দেশনা লঙ্ঘন হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

কোন মন্তব্য নেই