প্রাইভেসি সেন্টারের পরীক্ষা চালাচ্ছে মেটা
মার্ক জাকারবার্গের মালিকানাধীন মেটা নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা সম্পর্কে ব্যবহারকারীদের কীভাবে অবগত করা যায় তা নিয়ে চিন্তা করছে। সম্প্রতি নিজেদের সার্ভারে সংরক্ষিত তথ্য কোথায় রাখা হবে এবং বছরব্যাপী তা কীভাবে ব্যবহার করা হবে সে-সম্পর্কিত নীতিমালা পরিবর্তন করেছে কোম্পানিটি। এছাড়া মেটার আওতাধীন বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর গোপনীয়তা নীতিমালা সম্পর্কিত প্রশ্নোত্তর ও নিয়ন্ত্রণ একটি কেন্দ্রীয় স্থানে প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে। খবর টেক ক্রাঞ্চ।
মেটার নতুন এ গোপনীয়তা সংরক্ষণ কেন্দ্র প্রাইভেসি সেন্টার নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের কিছু ডেস্কটপ ব্যবহারকারী এরই মধ্যে এটি দেখতে পাচ্ছেন। সামনের দিনগুলোয় আরো বৃহৎ পরিসরে বিভিন্ন অ্যাপ ও ব্যবহারকারীর মধ্যে এটি ছড়িয়ে দেয়া হবে। মেটার এক মুখপাত্র জানান, সেটিংস মেনুর প্রাইভেসি সেকশনে ব্যবহারকারীরা নতুন প্রাইভেসি সম্পর্কিত তথ্যগুলো দেখতে পাবেন। ফেসবুকের প্রাইভেসি শর্টকার্ট ও প্রাইভেসি চেকআপ মেনুতে প্রাইভেসি সেটিংসগুলো স্থাপন করা হয়েছে। যদিও একটি আদর্শ সেটিংসের তুলনায় এটি অনেকটা পিছিয়ে আছে, তবে ভবিষ্যতে এটি কীভাবে আরো উন্নত করা যায়, সে ব্যাপারে কাজ চলছে।
নতুন প্রাইভেসি সেন্টারটি পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন সেটিংস, শেয়ারিং, কালেকশন, ইউজ অ্যান্ড অ্যাডস। নতুন এ পরিবর্তনের মাধ্যমে মেটা ব্যবহারকারীদের মধ্যে ‘প্রাইভেসি এডুকেশন’ সম্পর্কিত ধারণা বিস্তার করার চেষ্টা করছে।
কোন মন্তব্য নেই