ভারতের গুজরাট শিল্পাঞ্চলে গ্যাস লিক হয়ে মৃত ৬, আহত ২০
ভারতের গুজরাটের এক শিল্পাঞ্চলে গ্যাস লিক হয়ে মারা গেলেন ছয়জন এবং অসুস্থ হয়েছেন ২০ জন। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
ভারতের গুজরাট প্রদেশের সুরাট শহরে অবস্থিত শচীন শিল্পাঞ্চলে একটি রাসায়নিক কারখানার সামনে গ্যাসভর্তি ট্যাঙ্কার রাখা ছিল। ওই ট্যাঙ্কার থেকেই গ্যাস লিক করে। তখন কর্মীরা ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। এরপর অসুস্থ ব্যক্তিদের তড়িঘড়ি করে সুরাট সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ছয় ব্যক্তি মারা গেছেন এবং ২০ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধী আছেন।
এ বিষয়ে ভারতের গুজরাট প্রদেশের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল টুইটারে শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। অসুস্থদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গুজরাটের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভিও শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন, পুলিশের সাথে কথা হয়েছে তার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ঘটনায় দোষীদের শাস্তি দেয়ার কথাও বলেছেন তিনি।
কোন মন্তব্য নেই