শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে গেছে, স্বীকার করল রাশিয়া
বুধবার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রুশ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের প্রধান জাহাজ (ফ্ল্যাগশিপ) মস্কোভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় 'ঝড়ো সমুদ্রে' এটি ডুবে যায় বলে মন্ত্রণালয় জানিয়েছে।
ইউক্রেন দাবি করেছিল, তাদের ক্ষেপণাস্ত্র রুশ যুদ্ধজাহাজটিতে আঘাত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বন্দরে টেনে নিয়ে যাওয়ার সময় জাহাজটি ঝোড়ো সাগরের কারণে ডুবে যায়।
৫১০ ক্রু সদস্যের ক্ষেপণাস্ত্র সজ্জিত ক্রুজার মস্কোভা ছিল রাশিয়ার সামরিক শক্তির প্রতীক। এটি ইউক্রেনে নৌ আক্রমণের নেতৃত্ব দিচ্ছিল।
ইউক্রেন রুশ যুদ্ধজাহাজটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করার দাবি করেছিল। তবে মস্কো কোনো হামলার খবর দেয়নি। তাদের তরফে বলা হয়, আগুন লাগার পর গোলাবারুদের মজুতে বিস্ফোরণ ঘটে জাহাজটি ডুবে যায়।
রাশিয়া বলেছে, জাহাজের সব ক্রুসদস্যকে পরে কৃষ্ণসাগরে থাকা অন্য রুশ জাহাজে সরিয়ে নেওয়া হয়েছে। তারা আর কোনো বিশদ জানায়নি।
সূত্র: বিবিসি

কোন মন্তব্য নেই