পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন কে
পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় সম্পর্ক জোরদার করতে চায় শাহবাজের জোট সরকার। তবে বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার শপথ নেওয়া মন্ত্রিসভার সদস্যের মধ্যে তিনি ছিলেন না। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখন পর্যন্ত কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। বিলাওয়াল পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আগে থেকেই এমন গুঞ্জন রয়েছে।
তবে হিনা রব্বানি খার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়া মানে গুরুত্বপূর্ণ দপ্তরটি পিপিপির হাতেই গেছে। পিএমএল-এন ও পিপিপির মধ্যে কিছু সুনির্দিষ্ট বিষয়ের সুরাহা হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিলাওয়াল শপথ নিতে পারেন বলে সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হচ্ছে। এ জন্য মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে পিএমএল-এনের সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফের সঙ্গে লন্ডনে তিনি দেখাও করতে পারেন।
মন্ত্রিসভায় বিলাওয়ালের যোগদানের বিষয়টি ঝুলে থাকলেও মঙ্গলবারই নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন হিনা রব্বানি খার। পিপিপি সরকারে থাকার সময় ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ‘রেমন্ড ডেভিস বিতর্কে’ শাহ মাহমুদ কোরেশি পদত্যাগ করলে তার স্থলাভিষিক্ত হন হিনা রব্বানি খার। তখন ৩৪ বছর বয়সী হিনা ছিলেন সবচেয়ে কম বয়সী পররাষ্ট্রমন্ত্রী।
দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবসে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ব্রিফ করেন পররাষ্ট্রসচিব সোহাইল মাহমুদ। সূত্রগুলো দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, নতুন সরকারের অধীন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের আমলে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্ক মেরামতের ওপর জোর দেওয়া হবে।

কোন মন্তব্য নেই