কৃষি উদ্যোক্তাদের সহায়তায় ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কৃষি উদ্যোক্তাদের সহায়তায় ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 কৃষি উদ্যোক্তাদের সহায়তায় ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব প্রধান উপদেষ্টা ইউনূসের


নিউজ প্রতিবেদন :

বাংলাদেশের তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণে জড়িতদের সহায়তায় ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম-এর সাইডলাইনে, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে অধ্যাপক ইউনূস এবং আইএফএডি প্রেসিডেন্ট বাংলাদেশের গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম ও কাঁঠালের রপ্তানি বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগ সম্প্রসারণ, এবং মহিষের দুধ থেকে দুগ্ধজাত পণ্য উৎপাদন বিষয়ে কৌশলগত সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস আইএফএডির প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তি খাতে সম্ভাব্য সহযোগিতার সুযোগ অন্বেষণে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান জানান।

আইএফএডি প্রেসিডেন্ট আলভারো লারিও বৈঠকে বলেন, “আইএফএডি বাংলাদেশের সামাজিক ব্যবসা ও কৃষি উদ্যোক্তাদের উদ্যোগে অংশীদার হতে আগ্রহী।” তিনি জানান, বর্তমানে সংস্থাটি বাংলাদেশে অর্ধ ডজনেরও বেশি কৃষি প্রকল্পে অর্থায়ন করছে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের ফল প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ ও রপ্তানিখাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা জরুরি। আমরা ইতিমধ্যে আম রপ্তানি শুরু করেছি, তবে এর পরিমাণ এখনো সীমিত। চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানিতে আগ্রহী।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক উপদেষ্টা ফারিদা আখতার জানান, দেশের নারী খামারিরা বর্তমানে মহিষের দুধ থেকে মোজারেলা চিজ উৎপাদন করছেন, যা সম্প্রসারণে আইএফএডির সহায়তা প্রয়োজন।

গভীর সমুদ্র মৎস্য আহরণ নিয়ে আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশি জেলেরা এখনো অগভীর পানিতে সীমাবদ্ধ। বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তনের মাধ্যমে আইএফএডি এই খাতে বড় ভূমিকা রাখতে পারে।

আইএফএডি ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে কাজ করছে। সংস্থাটি এ পর্যন্ত ৩৭টি প্রকল্পে অংশীদার হয়েছে, যার সম্মিলিত মূল্য ৪.২৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১.১৩ বিলিয়ন ডলার সরাসরি আইএফএডি অর্থায়ন করেছে। বর্তমানে ছয়টি প্রকল্প চলমান রয়েছে এবং আরও একটি অনুমোদনের অপেক্ষায় আছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে বিশ্ব খাদ্য ফোরামে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দিতে রোমে পৌঁছেছেন। পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।

কোন মন্তব্য নেই