৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা ৮৬৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৯ মাসে সিটি ব্যাংকের মুনাফা ৮৬৭ কোটি টাকা, প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি


নিজস্ব প্রতিবেদক | Times Express 24

ঢাকা: চলতি বছরের প্রথম নয় মাসে ৮৬৭ কোটি টাকা মুনাফা করেছে বেসরকারি খাতের সিটি ব্যাংক পিএলসি। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৭২২ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১৪৫ কোটি টাকা, যা ২০ শতাংশের বেশি।

গত বৃহস্পতিবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। ওই প্রতিবেদনে মুনাফার এ তথ্য উঠে এসেছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি আগামী রোববার দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে আর্থিক ফলাফল প্রকাশ করবে।

উল্লেখ্য, ২০২৫ সাল শেষে সিটি ব্যাংকের মোট মুনাফা ছিল ১ হাজার ৩২৪ কোটি টাকা।

ট্রেজারি বিল-বন্ড থেকে আয় বেড়েছে

ব্যাংকটির আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম নয় মাসে মুনাফা বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে সরকারি ট্রেজারি বিল ও বন্ড থেকে পাওয়া আয়।

জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে এ খাত থেকে সিটি ব্যাংকের আয় হয়েছে ৩ হাজার ২ কোটি টাকা। গত বছরের একই সময়ে আয় ছিল ২ হাজার ৭৭৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ খাতের আয় বেড়েছে ২২৭ কোটি টাকা বা ৮ শতাংশের বেশি।

এদিকে ব্যাংকটির প্রকৃত সুদ আয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে প্রকৃত সুদ আয় দাঁড়িয়েছে ৩২৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৬৯ কোটি টাকা। ফলে এ খাতে আয় প্রায় দ্বিগুণ হয়েছে।

ঋণের সুদ বাবদ আয় বাড়ায় প্রকৃত সুদ আয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে ঋণের সুদ থেকে ব্যাংকটি আয় করেছে ৪ হাজার ২৫৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ আয় ছিল ৪ হাজার ২৬ কোটি টাকা। অর্থাৎ ঋণের সুদ থেকে আয় বেড়েছে ২২৯ কোটি টাকা।

অন্যদিকে আমানতের বিপরীতে সুদ পরিশোধের খরচ তুলনামূলক কম বেড়েছে। চলতি বছরের প্রথম নয় মাসে আমানতকারীদের সুদ বাবদ ব্যাংকটি পরিশোধ করেছে ৩ হাজার ৯৩১ কোটি টাকা। গত বছরের একই সময়ে এ খরচ ছিল ৩ হাজার ৮৫৭ কোটি টাকা। সে হিসাবে ব্যয় বেড়েছে ৭৪ কোটি টাকা।

বেড়েছে আমানত, ঋণ ও মোট সম্পদ

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে সিটি ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৮ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত মোট সম্পদ ছিল ৮৪ হাজার ৭২০ কোটি টাকা।

একই সময়ে ব্যাংকটির আমানতেও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের ডিসেম্বর শেষে মোট আমানত ছিল ৬৩ হাজার ১৭০ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪০৪ কোটি টাকা।

এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৫০ হাজার ৬১৬ কোটি টাকা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে ৫৪ হাজার ৫৮৫ কোটি টাকা।

ব্যাংকটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্যও বেড়েছে। গত বছরের ডিসেম্বর শেষে এ মূল্য ছিল ৩৫ টাকা ৩৭ পয়সা। চলতি বছরের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সায়।

সামগ্রিকভাবে, চলতি বছরের প্রথম নয় মাসে মুনাফা, আমানত, ঋণ ও সম্পদের পরিমাণ বৃদ্ধির মধ্য দিয়ে সিটি ব্যাংকের আর্থিক অবস্থানে ইতিবাচক প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে।

কোন মন্তব্য নেই