খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবুতে আগুন, প্রাণ গেল দুই শিশুর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

খান ইউনিসে বাস্তুচ্যুতদের তাঁবুতে আগুন, প্রাণ গেল দুই শিশুর



নিজস্ব প্রতিবেদক | Times Express 24

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে একটি তাঁবুতে আগুন লাগার পর দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় শনিবার ভোরে মারা যায় ওই দুই মেয়েশিশু।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে নাসের মেডিক্যাল কমপ্লেক্সের বরাতে এ তথ্য জানানো হয়েছে। নিহত দুই শিশুর নাম হাবিবা জানুন ও আয়সাল আবু শাইবান।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাতে আল-মাওয়াসি এলাকার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরের একটি তাঁবুতে আগুনের সূত্রপাত হয়। এতে দুই শিশু গুরুতর দগ্ধ হয়। পরে শনিবার ভোরে তাদের মৃত্যু হয়।

গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনায় শিশুদের পাশাপাশি অন্যদেরও প্রাণহানি ও আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

যুদ্ধ ও বাস্তুচ্যুতির কারণে অস্থায়ী তাঁবুতে বসবাস করা মানুষের জন্য এ ধরনের অগ্নিকাণ্ড নতুন করে নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।

কোন মন্তব্য নেই