জামতৈল রেলস্টেশনে ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে যাত্রী ও কর্মীরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জামতৈল রেলস্টেশনে ছিনতাইয়ের অভিযোগ, আতঙ্কে যাত্রী ও কর্মীরা

নিজস্ব প্রতিবেদক | Times Express 24

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা কিংবা ছেড়ে যাওয়ার মুহূর্তে যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যাত্রীদের পাশাপাশি স্টেশনে কর্মরতরাও আতঙ্কে রয়েছেন।

গত ১৮ অক্টোবর দিবাগত রাতে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশন ছেড়ে যাওয়ার সময় স্বর্ণা আক্তার নামে এক নারী যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ওই ব্যাগে স্মার্টফোন ও নগদ অর্থসহ প্রায় ২২ হাজার টাকার মালামাল ছিল। ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

যাত্রী ও স্থানীয়দের অভিযোগ, স্টেশনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিয়মিত পুলিশি টহল না থাকায় ছিনতাইকারীরা অপরাধ করে সহজেই পালিয়ে যাচ্ছে। বিশেষ করে ট্রেন থামার সময় এবং ছেড়ে যাওয়ার মুহূর্তে যাত্রীরা বেশি ঝুঁকিতে পড়ছেন।

ঘটনার পর পুলিশ সুপার স্টেশন এলাকা পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। স্টেশনে ছিনতাই প্রতিরোধে পুলিশি নজরদারি জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে স্টেশনে দায়িত্ব পালন করা কর্মীরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাত্র চারজন কর্মী নিয়ে রাতের বেলায় দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের নানা ঝুঁকির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নেই। এমনকি জিআরপি পুলিশেরও স্থায়ী উপস্থিতি নেই বলে অভিযোগ রয়েছে।

জামতৈল রেলওয়ে স্টেশনের ইনচার্জ আবু হান্নান জানান, গত এক বছরে স্টেশনটিতে ৫০ থেকে ৬০টির বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য না থাকায় দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন অথবা নিয়মিত পুলিশ মোতায়েনের প্রয়োজন বলে মনে করেন তিনি।

উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন জামতৈল। প্রতিদিন অসংখ্য যাত্রী এ স্টেশন দিয়ে যাতায়াত করেন। তাই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করা, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ এবং নিয়মিত পুলিশি টহল চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কোন মন্তব্য নেই